কদিন ধরে একটি প্রশ্নেরই মুখোমুখি হতে হচ্ছে: ‘গতবার তো আপনার নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলাম। রহস্যটা কী ছিল?’ মুচকি হেসে আমি একটা উত্তরই দিয়েছি: ‘নাথিং স্পেশাল!’দেখুন, আপনার রণকৌশল যত সহজ হবে, সেটি সম্পাদন করাও হবে ততটাই সহজ।গতবারের সঙ্গে এবার বেশ কিছু মিল খুঁজে পাচ্ছি। গত বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকা ভালো খেলছিল। এবারও দারুণ খেলছে। গতবারের চেয়ে এবার ওদের বোলিংটা অনেক ভালো। দক্ষিণ আফ্রিকা কখনোই স্পিনে এতটা শক্তিশালী ছিল না। ।মিল আছে কন্ডিশনেও। গতবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটি হয়েছিল গায়ানায়। গায়ানার কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের অনেক মিল। সেখানকার উইকেটও ছিল স্লো, টার্নিং। আজও আমাদের উইকেটটা টার্নিং হবে নিশ্চয়ই। কারণ, দক্ষিণ আফ্রিকা দারুণ খেললেও স্পিনের বিপক্ষে ওরা নড়বড়ে। এবার বিশ্বকাপেও সেটি দেখা গেছে। গত ম্যাচের কথাই ধরুন। আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার জর্জ ডকরেল আর অফ স্পিনার পল স্টার্লিংয়ের বিপক্ষে ওরা কিন্তু খুবই অস্বস্তিতে ছিল।তবে শুরু থেকেই যে কথাটা বলেছি, আজও বলছি; স্পিনারদের আগে আমাদের প্রথম ধাক্কাটা দিতে হবে পেসারদেরই। নতুন বলে ভালো শুরু করাটা খুবই জরুরি। গত বিশ্বকাপে রাসেল দুর্দান্ত বোলিং করেছিল। প্রথম স্পেলে মাশরাফিও ভালো বল করেছিল। ৭০ রানের মধ্যে ওদের প্রথম চার ব্যাটসম্যানকে আমরা ফিরিয়ে দিয়েছিলাম।আমার আসলে ওদের প্রথম চার ব্যাটসম্যানকে নিয়েই ভয়। অনেকে বলবেন, গত ম্যাচে তো জেপি ডুমিনি ম্যাচ বের করে নিল। তার পরও বলব, প্রথম চারেই চোখ রাখতে হবে। বিশেষ করে, স্মিথ। বিশ্বকাপটা ওর ভালো যাচ্ছে না। সেটাই বরং বেশি ভয়ের কারণ! আজ ও জ্বলে ওঠার প্রাণপণ চেষ্টা করবে। হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স তো এমনিতেই দুর্দান্ত ফর্মে আছে। ক্যালিস জ্বলে উঠি উঠি করছে।বোলারদের যেমন শুরুতে ধাক্কা দিতে হবে, তেমনি আমাদের ব্যাটসম্যানদেরও ভালো শুরু এনে দিতে হবে। টপ অর্ডারকে আজ ভালো খেলতেই হবে। বিশেষ করে, তামিমের কাছে স্পেশাল একটা ইনিংস পাওনা হয়ে গেছে। আজ আমাদের টপ অর্ডারের একজনকে কিন্তু শেষ পর্যন্ত ব্যাটিং করার পরিকল্পনা নিয়ে নামতে হবে। বিশ্বকাপে আমাদের ব্যাটিংটা সেভাবে জ্বলে ওঠেনি। হয়তো আজই সেই দিন।শাহরিয়ার নাফীস গত ম্যাচে সুযোগ পেয়ে ভালো খেলেছে। শুরুতে একটু সাবধানী ছিল। সেটা হওয়ারই কথা। কত দিন পর খেলতে নামল। ওকে আজও আমি খেলানোর পক্ষে। দলে একটাই পরিবর্তন করা যেতে পারে। সোহরাওয়ার্দীর জায়গায় আবারও নাঈমকে ফিরিয়ে আনা। নাঈমের অফ স্পিন এই বিশ্বকাপে ভালো ছিল। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে দুজন বাঁহাতি আছে—ডুমিনি আর কলিন ইনগ্রাম। ওদের বিপক্ষে অফ স্পিন বেশি কার্যকর হবে।ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচটির প্রভাব এই ম্যাচে থাকবে কি? গত বিশ্বকাপেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। সেবার শ্রীলঙ্কা ভারতকে হারালে আমরা দ্বিতীয় রাউন্ডে যাব—এই সমীকরণ ছিল। মনে আছে, দলের বেশ কয়েকজন মিলে আমরা খেলা দেখতে গিয়েছিলাম। শ্রীলঙ্কাকে গলা ফাটিয়ে সাপোর্টও করেছি। ওয়েস্ট ইন্ডিজকেও এদিন আমরা সাপোর্ট দিয়েছিলাম। ওরা পারেনি। কিন্তু নিজেদের ভাগ্য আমাদেরই গড়ে নিতে হবে। এই বিশ্বকাপে আমরা কিন্তু ৫ ম্যাচের তিনটিতেই জিতেছি। অসাধারণই বলতে হবে। আজ জিতলে সেটি হবে ছয়ে চার!