ছয়ের একটি শিরোপা হাতছাড়া বার্সার
গত মৌসুমটা ছিল কোচ হিসেবে পেপ গার্দিওলার অভিষেকের মৌসুম। সিনিয়র দলের কান্ডারি হিসেবে আবির্ভাবের মৌসুমেই ছয়টি শিরোপার সবগুলোই জিতেছিলেন গার্দিওলা। কিন্তু দ্বিতীয় মৌসুমে এরই মধ্যে একটা ধাক্কা খেলেন কোচ। একটি শিরোপা হাতছাড়া হয়ে গেল বার্সেলোনার। কিংস কাপের শেষ ষোলোতেই বাদ পড়ে গেল তারা।পরশু সেভিয়ার মাঠে ১-০ গোলে জিতেও শেষ রক্ষা হয়নি। নিজেদের মাঠে ২-১ গোলে হারের মাশুল দিতে হলো। দুই লেগ মিলে ২-২ গোলে ড্র হলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় সেভিয়া উঠে গেল কোয়ার্টার ফাইনালে। রিয়াল মাদ্রিদকে আগের রাউন্ডেই বিদায় করে দেওয়া অ্যালকরকনও কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি। ৩-২ গোল ব্যবধানে হেরে গেছে রেসিং সান্তান্দারের কাছে।পরের রাউন্ডে যেতে হলে ২ গোলের ব্যবধানে জিততে হতো বার্সেলোনাকে। ৬৪ মিনিটে প্রথম গোলটি এনে দিয়েছিলেন জাভি। কিন্তু এর পর সেভিয়ার গোলরক্ষক তো বটেই, প্রতিপক্ষের গোলপোস্টও বাধা হয়ে দাঁড়ায়। ৬৭ মিনিটের মেসির শট পোস্টে ছোঁয়া লাগিয়ে চলে যায়। দুই মিনিট পর তাঁর বাঁ পায়ের জোরালো শট আবারও পোস্টে প্রতিহত হয়।দুর্ভাগ্য লিভারপুলেরও। এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের পর বিদায় নিল ‘অল রেডরা’ও। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়, লিগ শিরোপার আশাও ছেড়ে দেওয়া লিভারপুল এই একটি শিরোপা জিতে এই মৌসুমের দুঃস্বপ্নের ক্ষতে প্রলেপ দিতে চেয়েছিল। ৯৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়েও ছিল তারা। কিন্তু বরাতজোরে পাওয়া আত্মঘাতী গোল থেকে পাওয়া লিডটা ধরে রাখতে পারেনি। ৯৪ মিনিটে পেনাল্টি থেকে রিডিং গোল শোধ করে দেয়। অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১০০ মিনিটে শেন লংয়ের গোল লিভারপুলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। বার্সা-লিভারপুল তাদের দুঃখের সাথি হিসেবে এসি মিলানকেও পেতে পারত। কিন্তু ম্যাথু ফ্ল্যামিনির ৮১ মিনিটের গোলে শেষ পর্যন্ত তৃতীয় বিভাগের দল নোভারাকে ২-১ ব্যবধানে হারিয়ে কোপা ইতালিয়ার শেষ আটে উঠে গেছে মিলান। এএফপি, ওয়েবসাইট।