ছয়ের সামনে স্যামিরা
ভিভ রিচার্ডসের নেতৃত্বে সেই ১৯৮৮ সালে টানা পাঁচ টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৩ বছর পর সেই কীর্তির পুনরাবৃত্তি করল ড্যারেন স্যামির দল। সোনালি দিনগুলো আবার ফিরে এল কি না, এ প্রশ্নটা তোলা হয়তো বাড়াবাড়িই হয়ে যাবে। তবে জিম্বাবুয়েকে প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে দল নিয়ে স্যামি গর্ব করতেই পারেন।গত বছর নিউজিল্যান্ডকে দেশের মাটিতে টানা দুই টেস্টে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের মাটিতে দুই টেস্টের সিরিজ জয় এর পরই। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে ব্রিজটাউনে পরশুর এই প্রত্যাশিত জয়। দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্য ছিল মাত্র ১২ রানের। এক উইকেট হারিয়ে জয়টা তুলে স্যামি কৃতিত্ব ভাগ করে দিলেন পুরো দলকেই, ‘আমাদের যা করা উচিত ছিল ঠিক সেটাই করেছি। টানা পাঁচ টেস্ট জিতেছি। প্রত্যেকেই নিজেদের ভূমিকা ঠিকঠাক পালন করেছে। এখন আমাদের সামনে এটাকে ছয় করার সুযোগ। যেটা ২০ বছর ধরে হয়নি।’ ২০ মার্চ থেকে ডমিনিকাতে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। এএফপি।