জকোভিচের সাফল্যের মূলে সুখের সংসার

ঘটনাচক্রে উইম্বলডন ফাইনালটি পড়ে গিয়েছিল নোভাক জকোভিচের বিয়ে-বার্ষিকীর দিনে। কোথায় এমন দিনটি স্ত্রী ইয়েলিনার সঙ্গে আনন্দ করে কাটাবেন, কোথায় ছেলে স্টেফানকে নিয়ে বাইরে খেতে যাবেন, ঘুরে-ফিরে বেড়াবেন, তা না, মাঠে নামতে হল এক আগুন-মহারণে! তাও আবারও রজার ফেদেরারের সঙ্গে! ইয়েলিনার কি তাতে মনটা একটু খারাপ হয়েছিল? খুব সম্ভবত না, নিজের সাফল্যের জন্য যে খেলোয়াড় সংসারকে অনুপ্রেরণা ভাবেন, সে খেলোয়াড়ের জীবনের এক গুরুত্বপূর্ণ লড়াই বিয়েবার্ষিকীর সঙ্গে মিলে যাওয়ায় বরং খুশিই ছিলেন ইয়েলিনা। সেই আনন্দ দিন শেষে বহুগুণে বেড়ে গেল যখন জকোভিচ গৌরবের সঙ্গে তুলে ধরলেন নিজের নবম গ্র্যান্ড স্লাম শিরোপাটি।
শিরোপা জিতেই জকোভিচ উইম্বলডনের এক প্রথা ফিরিয়ে নিয়ে আসলেন। তিনি চ্যাম্পিয়নস ডিনারে নাচলেন নারী এককের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের সঙ্গে। জকোভিচের এই নাম নাকি স্ত্রী ইয়েলিনার একান্ত ইচ্ছেতেই। ম্যাচ শেষেই ইয়েলিনা টুইট করে সেরেনাকে জানিয়ে দিয়েছিলেন ব্যাপারটা, ‘সেরেনা... এই মাত্র জকোভিচকে অনুমতি দিলাম। চ্যাম্পিয়নদের ভোজে ও নাচবে তোমার সঙ্গে। তৈরি হয়ে যাও।’
চ্যাম্পিয়নস ডিনারেই জকোভিচ জানিয়ে দিলেন তাঁর সাফল্যের অনুষঙ্গ, ‘আমি মনে করি বিয়ে আমার জীবনটা পুরোপুরিই পাল্টে দিয়েছে। আমি এখন জীবনে অনেক বেশি থিতু। জীবনের প্রতিটি ব্যাপারে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। আমি অনুপ্রেরণা পাই আমার স্ত্রীর সঙ্গে আড্ডায়। ক্লান্তি ভুলি আমার ছেলে স্টেফানকে কোলে তুলে আদর করে।’ সূত্র: এএফপি।