জকোভিচ বদলে দিলেন রেকর্ড বুকের পাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনের আজকের সেমিফাইনালটা অনেকদিনই স্মরণীয় হয়ে থাকবে টেনিস বিশ্বে। নোভাক জকোভিচ আর দেল পোত্রোর লড়াইটা উল্টে দিয়েছে উইম্বলডনের রেকর্ডবুকের পাতা। পৌনে পাঁচ ঘন্টার এই এপিক লড়াইটাই উইম্বলডনের সবচেয়ে বেশি সময় ধরে চলা ম্যাচের নতুন রেকর্ড। শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে শেষ হাসিটা হেসেছেন শীর্ষ তারকা জকোভিচ। ৭-৫ ৪-৬ ৭-৬(২) ৬-৭(৬) ৬-৩ গেমের দারুণ এক জয় দিয়ে নিশ্চিত করেছেন ফাইনাল।১৯৮৯ সালে সবচেয়ে দীর্ঘ সময়ের ম্যাচের রেকর্ড গড়েছিলেন বরিস বেকার আর ইভান লেন্ডি। তাদের সেই ম্যাচটি চলেছিল চার ঘন্টা ধরে। আর আজ জকোভিচ আর দেল পোত্রোর ম্যাচে ফলাফল নির্ধারনী পঞ্চম সেটে যখন ২-২ ব্যবধানের সমতা, তখনই পেরিয়ে গিয়েছিল চার ঘন্টা ১৩ মিনিট।হাঁটুর ইনজুরির কারণে পায়ে ব্যান্ডেজ বেঁধেই কোর্টে নেমেছিলেন দেল পোত্রো। সেই অবস্থাতেই যে টেনিসের শীর্ষ তারকার বিপক্ষে এইভাবে লড়ে যাবেন সেটা হয়তো কেউ কল্পনাই করতে পারেনি ম্যাচের শুরুতে। প্রথম সেটটা জকোভিচই জিতেছিলেন ৭-৫ গেমে। দ্বিতীয় সেটে ৪-৬ গেমের জয় দিয়ে সমতা ফেরান দেল পোত্রো। পরের দুইটি সেটই গড়িয়েছে টাইব্রেকারে। তৃতীয়টি জকোভিচ আর চতুর্থটি জিতেছেন পোত্রো। ফলাফল নির্ধারণী পঞ্চম সেটে আর্জেন্টাইন তারকাকে খুব বেশি সুযোগ দেননি জকোভিচ। ৬-৩ গেমের জয় দিয়ে শেষ করেছেন দুর্দান্ত এই লড়াইটি।দ্বিতীয় উইম্বলডন শিরোপা জয়ের লক্ষ্যে রোববারের ফাইনালে অ্যান্ডি মারে বা ইয়ার্জি ইয়ানোভিচের মুখোমুখি হতে হবে জকোভিচকে।— রয়টার্স