জকোভিচকে হারিয়ে ফাইনালে নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন তাঁকে ক্লে কোর্টের রাজা বলা হয় সেটা আরও একবার প্রমাণ করলেন রাফায়েল নাদাল। রোঁলা গারোঁয় উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে শীর্ষ তারকা নোভাক জকোভিচকে ৬-৪, ৩-৬, ৬-১, ৬-৭(৩), ৯-৭ গেমে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন নাদাল। এখন শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গা অথবা স্বদেশি ডেভিড ফেরারের মুখোমুখি হতে হবে নাদালকে।ফ্রেঞ্চ ওপেনের আজকের সেমিফাইনালটিকেই বিবেচনা করা হয়েছিল অলিখিত ফাইনাল হিসেবে। রজার ফেদেরার আগেই বিদায় নেওয়ায় নাদাল আর জকোভিচই ছিলেন শিরোপার প্রধান দাবিদার। আজ দুই ফেভারিটের লড়াইটাও হলো সেই রকম প্রাণবন্ত আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সাড়ে চার ঘণ্টার উত্তেজনাপূর্ণ এই লড়াই শেষে শেষ হাসিটা হেসেছেন নাদাল। পৌঁছে গেছেন টানা চতুর্থবারের মতো শিরোপা জয়ের স্বাদ পাওয়ার দ্বারপ্রান্তে। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত সাতটি ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছেন নাদাল। এ বছরের শিরোপাটা হাতে তুলতে পারলেই ওপেন যুগের প্রথম খেলোয়াড় হিসেবে কোন একটি নির্দিষ্ট গ্রান্ডস্ল্যাম সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ডটি নিজের করে নিতে পারবেন এই স্প্যানিশ তারকা। রোঁলা গারোঁয় এখন পর্যন্ত ৫৯ ম্যাচে অংশ নিয়ে ৫৮টিতেই জয় পেলেন তিনি।— রয়টার্স