জঘন্য ব্যাটিংয়ে সিরিজ হার
জাতীয় ক্রিকেট দলের কোচ রিচার্ড পাইবাস আর একাডেমির কোচ রিচার্ড ম্যাকিন্স মাঠে ঢুকলেন একসঙ্গে। দেখলেন গতি আর বাউন্সে কেমন হাঁসফাঁস করছেন তাঁদের ছাত্ররা। বাঁহাতি পেসার শেলডন কটেরেলের বাউন্সারে পুল করতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার এনামুল হক। কটেরেলের বলেই একটু আগে স্লিপে ধরা পড়ে ফিরেছেন ইমরুল কায়েস।অস্বস্তিকর শুরুটা সামলানো গেল শাহরিয়ার নাফীস ও রকিবুল হাসানের ব্যাটে। নড়বড়ে শুরুর পর দারুণ কিছু শট খেললেন দুজন। কিন্তু আরেক ‘যম’ বাঁহাতি স্পিন আছে না? ভীরাসামি পেরমলের সামনে খেলার বল পেছনে খেলে এলবিডব্লু রকিবুল। পরের বলেই ফরোয়ার্ড ডিফেন্স খেলে বলের দিশা পেলেন না শামসুর রহমান, পেছনে তাকিয়ে দেখেন উড়ছে বেল। ৭২ রানের পঞ্চম উইকেট জুটিতে যখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, লেগ স্পিনার ইয়ানিক ক্যারিয়াকে অলস এক লেট কাট খেলতে গিয়ে কট বিহাইন্ড নাঈম। শেষ ভরসা মার্শাল আয়ুবও পেরমলকে পেছনে খেলে এলবিডব্লু। লোয়ার-অর্ডারদের কথা বাদই থাকল। এই হলো বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানদের আউটের বিবরণ। এর পর কি আর ম্যাচ জেতা যায়! ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ ‘এ’ দলটি থেকে এই হাইপারফরম্যান্স দলে আছেন মাত্র একজন, পেরমল। জাতীয় দলে খেলার স্বল্প অভিজ্ঞতাসম্পন্ন মাত্র দুজন। সেই দলটাই কি না অনায়াসে সিরিজ জিতে নিল বাংলাদেশের দ্বিতীয় সেরা দলের বিপক্ষে, যে দলে টেস্ট ক্রিকেটার ছয়জন!একসময় মনে হচ্ছিল টস জিতে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়রা দুই শও ছুঁতে পারবে না। ২৯তম ওভারে ১২০ রানে পড়েছিল পঞ্চম উইকেটে। সাতে নেমে উইকেটকিপার হ্যামিল্টনের ৫০ বলে ৪৯ রানের ইনিংসটায় ২৩৪ তুলল ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্যটা তার পরও তো মাঝারি! হারের দায়টা তাই জঘন্য ব্যাটিংয়ের। আগের ম্যাচে ২২৬ রান তাড়া করে হার ছিল ১১ রানে। কাল যাওয়া গেল না ধারেকাছেই!পেরমলের বাঁহাতি স্পিন যথারীতি দুর্বোধ্য আবার। গায়ানিজ স্পিনারকে প্রথম ওভারে ২ চারে স্বাগত জানিয়েছিলেন শাহরিয়ার। কিন্তু পেরমল ঠিকই ফিরেছেন বিপুল বিক্রম, আবার ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা। সঙ্গে ছিল কটেরেলের বাঁহাতি পেস। গতির ঝড় তুলে ৪ উইকেট নিয়েছেন, ফিরিয়েছেন পথের মূল কাঁটা শাহরিয়ারকেও। শর্ট বলে সজোরে পুল করেছিলেন শাহরিয়ার, শর্ট মিড উইকেটে দারুণ রিফ্লেক্স ক্যাচ নিয়েছেন অতিরিক্ত ফিল্ডার আন্দ্রে ফ্লেচার।ক্যারিবীয়দের ইনিংসে কোনো ফিফটি ছিল না, তবে দুই অঙ্ক ছুঁয়েছেন সাতজন। ৩ উইকেট নিয়েছেন নাঈম, তবে সেরা বোলার ছিলেন নিঃসন্দেহে এনামুল জুনিয়র। প্রথম পাওয়ার প্লে, ব্যাটিং পাওয়ার প্লেতে বোলিং করেও ১০ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। কিন্তু দিন শেষে ব্যাটিং-ব্যর্থতায় আড়াল হয়ে গেছে বোলিং এনামুল-নাজমুলদের সাফল্য।সংক্ষিপ্ত স্কোর: উইন্ডিজ এইচপি: ৪৯.৫ ওভারে ২৩৪ (হ্যামিল্টন ৪৯, লেসপরিস ৪৪, ক্যারিয়া ৩৬, পেরমল ২৯; নাঈম ৩/৪৭, এনামুল জুনিয়র ২/৩০, নাজমুল ২/৪০, দেলোয়ার ১/৩০)। বাংলাদেশ ‘এ’: ৪৩ ওভারে ১৮১ (ইমরুল ১, এনামুল ৩, শাহরিয়ার ৬৯, রকিবুল ২৭, শামসুর ০, নাঈম ৩৪, মার্শাল ১৩, নাজমুল ১৫*, দেলোয়ার ০, এনামুল জুনিয়র ০, তাসকিন ১০, পেরমল ৪/৩৩, কটেরেল ৪/৪০)। ফল: ওয়েস্ট ইন্ডিজ এইচপি ৫৩ রানে জয়ী (সিরিজে ২-০ এগিয়ে)। ম্যান অব দ্য ম্যাচ: ভীরাসামি পেরমল।