৩১ মে খেলা শুরু আবাহনী-ভিক্টোরিয়া রিপ্লে খেলা হবে ফতুল্লা, বিকেএসপি ও বগুড়ায়
জট কাটল প্রিমিয়ার লিগের
এক মাস ১৮ দিন পর জানা গেল, ওটা ছিল একটা ‘ভুল-বোঝাবুঝি’। গতকাল সুপার লিগের ছয় দলের প্রতিনিধিদের নিয়ে সভায় সেই ‘ভুল-বোঝাবুঝি’র অবসান হওয়ার পর বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল ঘোষণা করলেন, ক্রিকেটের স্বার্থে ৩১ মে থেকে সুপার লিগের খেলা আবার শুরু করতে রাজি হয়েছে ছয় দল। আর এই ‘ভুল-বোঝাবুঝি’ দূর হয়েছে ভিক্টোরিয়া ২৮ মার্চের বিতর্কিত ম্যাচটি নতুন করে খেলতে রাজি হওয়ায়।গত ২৮ মার্চ ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচের এক ইনিংস শেষে আবাহনী অভিযোগ তোলে, ভিক্টোরিয়ার পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ পুরোনো দল মোহামেডানের কাছ থেকে ছাড়পত্র নেননি। ভিক্টোরিয়া যে ছাড়পত্রটি জমা দিয়েছে, সেটি জাল। ছাড়পত্র-বিতর্কে সেদিনের খেলাই হয়নি। বাইলজ অনুযায়ী ম্যাচ রেফারি ভিক্টোরিয়াকে ২ পয়েন্ট দিয়ে দিলেও আবাহনী ঘোষণা দেয়, ইউসুফের ছাড়পত্রের বৈধতা প্রমাণিত না হওয়া পর্যন্ত লিগ খেলবে না তারা। একই দাবিতে অটল থাকে মোহামেডানও। এ নিয়ে গত দেড় মাসে অনেক দেনদরবার হয়েছে। বসেছে অনেক সভা। কিন্তু খেলা মাঠের বাইরেই থেকে গেছে। অবশেষে আবার লিগ শুরুর ঘোষণা এলেও ইউসুফের ছাড়পত্র-রহস্যের কোনো কূলকিনারা হয়নি।বিসিবি থেকে এর আগে বলা হয়েছিল, ছাড়পত্র জাল না আসল, সেটি খুঁজে বের করার দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। সিআইডির তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কাল বোর্ড সভাপতি বললেন অন্য কথা, ‘আমাদের হাতে এমন কোনো অস্ত্র নেই, যেটা দিয়ে খুঁজে বের করব ছাড়পত্র জাল না সঠিক। এটা তদন্ত করে বের করতে হলে মামলা করতে হবে। কিন্তু বিসিবি কারও বিরুদ্ধে মামলা করবে না। ক্রিকেটে সবার অবদান আছে। আমরা কোনো ক্লাবের বিরুদ্ধে মামলা করতে পারি না। এ রকম বাজে উদাহরণ বিসিবি সৃষ্টি করবে না।’ ছাড়পত্র নিয়ে ওঠা অভিযোগের সত্য-মিথ্যা যেহেতু জানা যাচ্ছে না, বোর্ড সভাপতির দৃষ্টিতে পুরো ঘটনা একটা ‘ভুল-বোঝাবুঝি’।ভিক্টোরিয়া এবারের লিগে মোহাম্মদ ইউসুফকে আর খেলাতে পারবে না, কাল এমন সিদ্ধান্তও হয়েছে। কিন্তু ছাড়পত্র জাল না সঠিক, সেটাই যদি না জানা থাকে, ইউসুফের খেলতে বাধা কোথায়? ক্রিকেটের স্বার্থে ক্লাবগুলোর এই মতৈক্যও বা এত দিন পর কেন? ক্লাব রাজনীতির দুষ্টচক্র যে ক্রিকেটের ক্ষতি করছে, সেটা তাঁরা এত দিনে বুঝলেন! ছাড়পত্র-রহস্যের মতো এসব প্রশ্নও প্রশ্নই থেকে গেছে। সদুত্তর মেলেনি।সংবাদ সম্মেলনে মুস্তফা কামালকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন ছয় ক্লাবের প্রতিনিধিরা। তাঁদেরই একজন ভিক্টোরিয়ার সাধারণ সম্পাদক নিসারউদ্দিন আহমেদ বললেন, ‘এখন যদি আমরা না খেলি, তাহলে আর লিগই হবে না। সে জন্য ২৮ মার্চের ম্যাচটি নতুন করে খেলার প্রস্তাবে রাজি হয়েছি।’ আবাহনীর যুগ্ম সম্পাদক আই এইচ মল্লিক কালকের সভার সিদ্ধান্তকে বিজয় হিসেবেই দেখছেন, ‘বোর্ড সভাপতি স্বীকার করেছেন, ইউসুফের ছাড়পত্র জাল ছিল। সিআইডি থেকেই নাকি আন-অফিশিয়ালি এটা বলা হয়েছে। এ ঘটনায় সিসিডিএমের যারা জড়িত, দু-এক দিনের মধ্যে তাদের সিসিডিএম থেকে বাদ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন সভাপতি। ম্যাচটাও নতুন করে হবে। আমাদের প্রায় সব দাবিই মেনে নেওয়ায় আমরা খেলতে রাজি হয়েছি।’ছাড়পত্র ‘জাল’কারীদেরও শাস্তি চেয়েছিল আবাহনী। সেই দাবিটি বিসিবি যেমন মানেনি, আবাহনীও সরে এসেছে তা থেকে। ‘তাদের শাস্তি দিতে হলে মামলা করতে হবে। আমরাও চাই না কোনো ক্লাবের বিরুদ্ধে মামলা হোক। কতিপয় ব্যক্তির জন্য একটা ক্লাব ক্ষতিগ্রস্ত হতে পারে না। আবাহনী তাই সে দাবি থেকে সরে এসেছে।’ বলেছেন মল্লিক। সভায় উপস্থিত মোহামেডানের প্রতিনিধি ওয়াসিম খানও বলেছেন, ‘ক্রিকেটের স্বার্থে’ তারা খেলতে রাজি। তবে ‘জাল’ ছাড়পত্রের রহস্য উন্মোচন না হওয়ায় এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।মিরপুর স্টেডিয়ামে মাঠের সংস্কারকাজ চলছে। ফতুল্লা ও বিকেএসপির সঙ্গে তাই লিগের বাকি ম্যাচগুলোর ভেন্যুর তালিকায় থাকছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামও। বগুড়ায় ম্যাচ খেলা ক্লাবগুলোর খরচ বহন করবে বিসিবি।