ভিক্টোরিয়া, আবাহনী ও মোহামেডানের সঙ্গে আলোচনা করে অচলাবস্থা নিরসনের পথ খুঁজবে চার সদস্যের কমিটি
জট খুলতে বিশেষ কমিটি
ক্লাব রাজনীতির জট খুলতে বিসিবির সভাও তাহলে যথেষ্ট নয়! বিসিবির পরিচালনা পর্ষদের কালকের সভা দূর করতে পারেনি প্রিমিয়ার লিগের অচলাবস্থা। কেবল চার সদস্যের একটা কমিটিই গঠন করা হয়েছে সভায়। ভিক্টোরিয়া, আবাহনী ও মোহামেডানের সঙ্গে আলোচনা করে অচলাবস্থা নিরসনের পথ খুঁজবে ওই কমিটি। ২৪ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে ইতিবাচক সমাধান দিতে বলা হয়েছে কমিটিকে।কমিটির প্রধান বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম। বাকি তিন সদস্য পরিচালক গাজী আশরাফ হোসেন, দেওয়ান শফিউল আরেফিন ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। প্রিমিয়ার লিগ-সংক্রান্ত জটিলতার বিষয় সভার আলোচ্যসূচিতে প্রথমে ছিল না। সমস্যা নিরসনে সিসিডিএমের ব্যর্থতাই বোর্ড সভা পর্যন্ত টেনে এনেছে তিন ক্লাবের লড়াইকে।সভার একপর্যায়ে ডেকে নেওয়া হয় সিসিডিএম স্ট্যান্ডিং কমিটির দুই সদস্য ইকবাল ইউসুফ চৌধুরী ও আবিদ হোসেনকে। ভিক্টোরিয়ার দেওয়া মোহাম্মদ ইউসুফের ছাড়পত্রকে জাল দাবি করা পরিচালকদের তোপের মুখে পড়তে হয়েছে তাঁদের। জবাবে সিসিডিএম সদস্যরা নিজেদের অবস্থানকে সঠিক দাবি করেছেন। সূত্র জানিয়েছে, সভায় বিসিবিকে দেওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের একটি চিঠিও উপস্থাপন করা হয়। গত ৮ জানুয়ারি দেওয়া ওই চিঠিতে জানানো হয়, মোহামেডানের দায়িত্বভার গ্রহণ করেছেন নবনির্বাচিত পরিচালকমণ্ডলী। বিলুপ্ত হয়েছে ক্লাবের ক্রিকেট সাবকমিটি। বিসিবির সব পত্র-যোগাযোগ যেন ‘মেম্বার ইন-চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড’ নামে করা হয়। ইউসুফের ছাড়পত্র যেহেতু এর প্রায় এক বছর আগের তারিখের, এই চিঠির সঙ্গে ছাড়পত্রের সম্পর্ক তাই স্পষ্ট নয়। তবে ‘ভিক্টোরিয়াবিরোধী’ বোর্ড পরিচালকেরা মনে করেন, মোহামেডান মোহাম্মদ ইউসুফের ছাড়পত্র অবৈধ দাবি করার পরও সিসিডিএম বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেয়নি। সিসিডিএমের সদস্যসচিবের ‘দক্ষতা’ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। শোনা গেছে, সভা শেষে তাঁকে পদত্যাগ করার ‘পরামর্শ’ দিয়েছেন স্বয়ং বোর্ড সভাপতি।তবে সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল মাঝামাঝি অবস্থানই নিয়েছেন। সিসিডিএম-ভিক্টোরিয়া নাকি আবাহনী-মোহামেডান কাদের দাবি ঠিক—জানতে চাইলে বলেছেন, ‘সিসিডিএমের হিসেবে সিসিডিএম ঠিক। আবার মোহামেডান বলছে ছাড়পত্রটি বৈধ নয়। এখন একসঙ্গে বসলেই বোঝা যাবে, এটা বৈধ কি অবৈধ। শুধু কাগজ দেখে বোঝা যাবে না।’ সেই বসার দায়িত্বই দেওয়া হয়েছে মাহবুবুল আনামের নেতৃত্বাধীন কমিটিকে। কথাবার্তা বলার কাজটা অনানুষ্ঠানিকভাবে কাল রাতেই শুরু করে দিয়েছেন মাহবুবুল আনাম।তবে তিন ক্লাবকে একসঙ্গে নিয়ে আদৌ বসা যাবে কি না, সেই সংশয় থাকছে। এর আগে বিসিবির সভাপতিও নাকি চেষ্টা করে পারেননি সেটা, ‘চেষ্টা করেও আমি আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়াকে একসঙ্গে করতে পারিনি। মোহামেডান সময় দিতে পারলেও আবাহনী পারেনি। আমি ভিক্টোরিয়ার সঙ্গেও কথা বলেছি।’সূর্যতরুণকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া নিয়েও জট বেঁধেছিল এবারের লিগে। তখন সিসিডিএমের সিদ্ধান্তকে চূড়ান্ত ধরা হলেও এবার কেন বিষয়টা বোর্ড সভা পর্যন্ত গেল, গঠন করা হলো আলাদা কমিটি? সভাপতি ‘বাস্তব’ ব্যাখ্যাই দিতে চেয়েছেন এর, ‘একেকটা একেক ধরনের সমস্যা। ওটা এক রকম সমস্যা ছিল, এটা আরেক রকম সমস্যা। ওটার জন্য কেউ খেলা বন্ধ করেনি। এটার জন্য সবাই খেলা বন্ধ করে দিয়েছে।’ সিসিডিএমের মতো এখন বিসিবির সভাপতিও বুঝতে পারছেন ক্লাব ক্রিকেটে আবাহনী-মোহামেডানের ক্ষমতার জোরটা, ‘আবাহনী-মোহামেডানকে ফেস করা কঠিন কাজ।’আলোচ্যসূচিতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকলেও নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক পর শুরু হওয়া সভায় সেগুলো অনালোচিতই থেকে গেছে। ৬ অথবা ৯ এপ্রিল অনুষ্ঠেয় মুলতবি সভায় সেসব নিয়ে আলোচনা হবে। তবে প্রায় চার ঘণ্টার লম্বা সভায় প্রিমিয়ার লিগ জটিলতা ছাড়াও কিছু বিষয় অনুমোদিত হয়েছে। যেমন আইসিসির এফটিপি, ঘরোয়া ক্রিকেটের দুর্নীতি দমন ও মাদকবিরোধী আইন এবং জাতীয় দলের খেলোয়াড়দের নতুন চুক্তি। চুক্তিতে আনা হয়েছে ১৫ ক্রিকেটারকে। ‘এ প্লাস’ শ্রেণীতে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আবদুর রাজ্জাক ও মাশরাফি বিন মুর্তজা। ‘এ’ শ্রেণীতে মাহমুদউল্লাহ ও ইমরুল কায়েস। ‘বি’ শ্রেণীতে রুবেল হোসেন, শফিউল ইসলাম ও নাজমুল হোসেন। ‘সি’ শ্রেণীতে নাসির হোসেন ও জহুরুল ইসলাম। নবাগত শ্রেণীতে নাজিমউদ্দিন, শুভাগত হোম চৌধুরী ও ইলিয়াস সানি।সভায় এ বছরের মধ্যে দেশের ১৭টি জেলায় সিনথেটিক উইকেট বসানোর সিদ্ধান্ত হয়েছে। আধুনিক ক্রিকেট একাডেমি গড়ে তোলার জন্য বিকেএসপি কর্তৃপক্ষের কাছে খুলনা বিকেএসপি লিজ নেওয়ার প্রস্তাব দেবে বিসিবি। সাভার বিকেএসপির দুটি মাঠ করা হবে আন্তর্জাতিক মানের।এ ছাড়া ফতুল্লা স্টেডিয়ামের বাইরের অংশে খেলার মাঠ ও অনুশীলনের সুবিধা সৃষ্টির জন্য ৯০ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।