জন রাইটের হাতে নিউজিল্যান্ডের ক্রিকেট
বাংলাদেশ আর ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরে যাওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে নিউজিল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন মার্ক গ্রেটব্যাচ। প্রথমে শুধু ব্যাটিং কোচ হিসেবে যোগ দিলেও পরে মূল কোচ, কখনোবা নির্বাচকের দায়িত্বও পালন করতে হয়েছে তাঁকে। এ নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত তাঁকে কোচের পদ থেকে সরিয়ে নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রেটব্যাচের জায়গায় নিউজিল্যান্ডের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক অধিনায়ক জন রাইট। তাঁর সঙ্গে ২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত চুক্তি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে বড় প্রতিযোগিতাগুলোর প্রস্তুতির ক্ষেত্রে এখনো ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন গ্রেটব্যাচ। সে সঙ্গে নির্বাচক কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে।এর আগে বেশ কিছুদিন ভারতের কোচের দায়িত্ব পালন করেছেন রাইট। অনেকে বলেন, ভারতের বর্তমান সাফল্যের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল তাঁরই হাতে। অনেক দিন ধরেই নিজ দেশ নিউজিল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছাটা লালন করে আসছিলেন। কিন্তু সেই ইচ্ছা যে এমন সংকটময় পরিস্থিতিতে পূরণ হবে, তা বোধ হয় নিজেও ভাবেননি। জন রাইট যখন দায়িত্ব নিতে যাচ্ছেন, তখন নিউজিল্যান্ড ক্রিকেটের হাল-হকিকত খুব খারাপ। টানা ১১টি ওয়ানডেতে হার, সর্বশেষ ১৯ টেস্টেও তারা জিতেছে মাত্র দুটিতে। রাইট অবশ্য এসব পরিসংখ্যানকে নিছক কাগুজে ব্যাপার হিসেবেই দেখছেন। গতকাল নিউজিল্যান্ডের কোচ হিসেবে চাকরিটা পাকাপোক্ত হওয়ার পর তিনি বলেছেন, ‘আমি সব সময়ই জানতাম যে এটা একটা খুবই বড় চ্যালেঞ্জ। আমি নিজেকে একজন কোচ হিসেবে যাচাই করতে চাই। এ দায়িত্বটা পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।’ ক্রিকইনফো।