
যানজট ঠেলে মাশরাফি বিন মুর্তজা যখন অনুষ্ঠানে এসে পৌঁছালেন, ততক্ষণে প্রথম পর্ব শেষ। সাংস্কৃতিক পর্বের মাঝপথেই জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের হাতে তুলে দেওয়া হলো ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ পুরস্কার। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি অনলাইন ভোটের এই পুরস্কারটি এবারই প্রথম চালু করেছে।

কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে সাফল্য বয়ে আনা খেলোয়াড়, কোচ, সংগঠকদের হাতে গত দুই বছরের পুরস্কার একসঙ্গে তুলে দেওয়া হলো কাল। ২০১৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ মুশফিকুর রহিম পেয়েছেন গত বছরের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও। দেশে না থাকায় অবশ্য তিনি অনুষ্ঠানে ছিলেন না। ডেঙ্গুতে আক্রান্ত বলে ছিলেন না ২০১৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ শ্যুটার আবদুল্লাহ হেল বাকিও। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’।
যাঁরা পুরস্কার পেলেন
২০১৩
বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি): মুশফিকুর রহিম, বর্ষসেরা ক্রিকেটার: সোহাগ গাজী, ফুটবলার: মামুনুল ইসলাম, দাবাড়ু: ফাহাদ রহমান, সাঁতারু: মাহফিজুর রহমান সাগর, ভারোত্তোলক: জহুরা আক্তার রেশমা, আর্চার: ইমদাদুল হক মিলন, উদীয়মান খেলোয়াড়: মুমিনুল হক, কোচ: মারুফুল হক, সংগঠক: মাহতাবউদ্দিন আহমেদ (মরণোত্তর), পৃষ্ঠপোষক: এক্সিম ব্যাংক লিমিটেড, বিশেষ সম্মাননা: গোলাম সারোয়ার টিপু।
২০১৪
বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি): আবদুল্লাহ হেল বাকি, বর্ষসেরা ক্রিকেটার: মুশফিকুর রহিম, ফুটবলার: নাসির উদ্দিন চৌধুরী, হকি খেলোয়াড়: হাসান যুবায়ের নিলয়, উদীয়মান খেলোয়াড়: হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, কোচ: গোলাম রব্বানী (ছোটন), সংগঠক: মনজুর কাদের, পৃষ্ঠপোষক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিশেষ সম্মাননা: মিউরেল গোমেজ।