জনপ্রিয় হচ্ছে ব্যাম্বো বো ইভেন্ট
রাজশাহী সাঁওতাল ট্র্যাডিশনাল আর্চারি ক্লাব থেকে এসেছেন পারভেজ, বাচ্চু ও মরিয়ম। প্রথমবারের মতো জাতীয় আর্চারিতে এসে অনেক নিয়মই ঠিকমতো বুঝতে পারছিলেন না। বনানী আর্মি স্টেডিয়ামে এক রাউন্ড খেলার পর কর্মকর্তাদের কাছে তাঁদের জিজ্ঞাসা ছিল, ‘এরপর আরও খেলা আছে?’ বাছাই পর্বের ক্রমানুসারে (শীর্ষ বাছাইয়ের সঙ্গে সর্বনিম্ন র্যাঙ্কিংধারী) মুখোমুখি খেলবে তীরন্দাজরা। নিয়মটা জানার পর ব্যস্ত হয়ে পড়লেন র্যাঙ্কিংয়ে নাম খুঁজতে। প্রথম দিনে এঁরা খেলেছেন ব্যাম্বো বো ইভেন্টে। আজ রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্ট।‘ব্যাম্বো বো’—মূলত বাংলাদেশের আবিষ্কার। আন্তর্জাতিকমানের তির-ধনুক বেশ দামি বলে বছর পাঁচেক আগে ফেডারেশন স্থানীয়ভাবে বাঁশ ও মেহগনি কাঠ দিয়ে নতুন এই তির-ধনুক তৈরি করে। পরে ফিটার (আন্তর্জাতিক আর্চারি সংস্থা) অনুমোদন সাপেক্ষে প্রতিযোগিতায় চালুও হয়ে যায় আদর্শ মাপে তৈরি ধনুকটি। সেই থেকে ইভেন্টটির নাম হয়ে যায় ব্যাম্বো বো। ওজনটাও আদর্শমানের থাকে বলে সহজেই তোলা যায়। তীর ও ধনুক মিলিয়ে খরচ পড়ে প্রায় তিন হাজার ১০০ টাকা। তৈরি হচ্ছে সমরাস্ত্র কারখানায়। এই ইভেন্টের জনপ্রিয়তা ধীরে ধীরে উপমহাদেশের বলয় ছাড়িয়ে বাইরেও ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ ছাড়াও ভারতে কয়েক বছর ধরেই ইভেন্টটি হচ্ছে। এমনকি নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও দক্ষিণ আফ্রিকাতেও বর্তমানে রিকার্ভ, কম্পাউন্ডের পাশাপাশি হচ্ছে ব্যাম্বো বো।রিকার্ভ বোয়ের সঙ্গে ব্যাম্বো বোয়ের গুণগত পার্থক্য খুব বেশি নেই বলে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ (চপল), ‘পার্থক্য আসলে তেমন নেই। যাদের বেশি টাকা তারা বিগিনার বো দিয়ে শুরু করে। যা কিনতে গেলে খরচ পড়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তবে আমরা এখানে তিন হাজার ৫০০ টাকার যে বো দিয়ে খেলা শুরু করি, সেটার সঙ্গে ওই দামি বোয়ের পার্থক্য সামান্যই। ইতালিতে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলাম এগুলো দিয়ে অনুশীলন করেই। যদি পার্থক্যই থাকত, তাহলে আমাদের খেলোয়াড়েরা অত সামনে থাকত না।’পার্বত্য চট্টগ্রাম আর্চারি ক্লাবের কোচ রেজাউল করিম এই ব্যাম্বো বোও পাননি বলে অভিযোগ এনেছেন ফেডারেশনের বিরুদ্ধে, ‘এটা সহজলভ্য। কিন্তু ফেডারেশন তো আমাদের তা-ও দেয়নি। এমনকি জার্সি পর্যন্ত কিনে এনেছি।’ তীরন্দাজদের মধ্যে হতাশা রয়েছে টুর্নামেন্ট আয়োজন নিয়েও। চৈত্রের কাঠফাটা দুপুরে খোলা মাঠে হচ্ছে আয়োজন। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন পানিশূন্যতায়। শীতকালে নির্ধারিত টুর্নামেন্ট পিছিয়ে কেন চৈত্রের দাবদাহে হবে, তা নিয়ে প্রতিযোগীরা ক্ষুব্ধ। কেউ কেউ ক্ষোভ ঝাড়লেন ফেডারেশনের কার্যক্রম নিয়েই। গতবারের চ্যাম্পিয়ন শেখ সজীব জানালেন, ‘ক্লাব কাপ, বিজয় দিবস, স্বাধীনতা দিবসের মতো টুর্নামেন্টও নিয়মিত হওয়া উচিত।’ গত বছর বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ, যুব আর্চারি ও গ্রাঁ প্রিঁ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ছাড়া ঘরোয়া কোনো প্রতিযোগিতাই পায়নি আর্চাররা। ফেডারেশন বড় বড় কথা বলা ছাড়া আর করেটা কী?