হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে প্রথম দিনেই মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেদিন তো নয়ই, ডেল স্টেইন ফিরতে পারেননি দ্বিতীয় দিনেও। কালও ব্যাট করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। কিন্তু দলের প্রয়োজনে স্টেইন কি বাইরে বসে থাকতে পারেন! ঠিকই ব্যাট করতে নামলেন।
শুধু নামলেনই না, খেললেন ২৭ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। তাতেও অবশ্য ফলোঅন এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলোঅন এড়াতে করতে হতো ২৯৫ রান। স্বাগতিকেরা অলআউট ২৮৭ রানে। যদিও ক্লার্ক প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে নিজেরাই নেমে পড়েছেন ব্যাটিংয়ে। ক্লার্কের এই সিদ্ধান্তের কারণটা অনুমেয়ই। ৮২.৫ ওভার বোলিং-ফিল্ডিং করে ক্লান্ত হয়ে পড়া বোলারদের বিশ্রামের সুযোগ করে দিয়েছেন। তবে আরেকটু আগে অলআউট করতে পারলে সিদ্ধান্তটা অন্য রকমও হতে পারত।
কিন্তু অস্ট্রেলিয়ানদের সেই আশায় পানি ঢেলেছেন ডু প্লেসিস-ফিল্যান্ডার-স্টেইনরা। স্টেইনের চেয়ে ফ্যাফ ডু প্লেসিস ও ভারনন ফিল্যান্ডারের ভূমিকাই বড়। ক্লার্ক নিজের ডাবল সেঞ্চুরির আশা বিসর্জন দিয়ে কাল দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে দেন। অস্ট্রেলিয়ার ৪৯৪ রানের জবাবে জনসন-হ্যারিস-প্যাটিনসনের তোপে দক্ষিণ আফ্রিকা ১৪৬ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। প্রোটিয়ারা তখন রীতিমতো ফলোঅন শঙ্কায় কাঁপছে। ওই অবস্থায় ডু প্লেসিস-ফিল্যান্ডারের সপ্তম উইকেটে ৯৫ রানের জুটি।
শুরুতে ডু প্লেসিস ছিলেন জড়সড়। প্রথম বলেই পরাস্ত। ৩০ রানে দাঁড়িয়ে নাথান লায়নের এক ওভারেই জীবন পান দুবার। প্রথমবার স্টাম্পিংয়ের সহজ সুযোগ পেয়েও তা করতে পারেননি হাডিন। এক বল পর শর্ট লেগে হাত লাগিয়েও বল ধরে রাখতে পারেননি ডুলান। ৩৫ রানে আবার সুযোগ দিয়েছিলেন। তাঁকে শেষ পর্যন্ত বিদায় করেছেন জনসন। ততক্ষণে অবশ্য ডু প্লেসিস করে ফেলেছেন ৬৭ রান। ফিল্যান্ডার অপরাজিত থাকেন ৩৭ রানে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পাওয়া ২০৭ রানের লিড দিন শেষে হয়ে গেছে ২৩৪। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করেছে বিনা উইকেটে ২৭ রান। তথ্যসূত্র: ক্রিকইনফো।