জনসনই হারলেন স্টাইরিসের কাছে
টানা ১৩ ওয়ানডে জিতে নিউজিল্যান্ডে পা রেখেছে অস্ট্রেলিয়া। তার পরও সিরিজ শুরুর আগে শেন বন্ড ঘোষণা করে দিয়েছিলেন, ‘অস্ট্রেলিয়া গ্রীষ্মজুড়ে সহজ প্রতিপক্ষের সঙ্গে জিতেছে। ওদের জয়ের ধারা শেষ হলো বলে!’ পরদিনই স্কট স্টাইরিসও দিয়েছিলেন হুঙ্কার, ‘অস্ট্রেলিয়ানরা সুপারম্যান নয়। ওরা ভালো, কিন্তু আমরাও কোনো অংশে কম নই!’ এটা যে শুধুই বাগাড়ম্বর নয়, টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে তা প্রমাণ করে দিলেন স্টাইরিস ও বন্ড। ৩৪ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসে স্টাইরিসই দিয়েছেন স্মরণীয় এক জয়ে শেষ তুলির আঁচড়। বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও অবদান রেখেছেন বন্ড। ৮ বলে অপরাজিত ১১, ৪৯তম ওভারে ওয়াটসনকে দুটি চার মেরে স্কোর সমান করে দিয়েছেন তিনিই।হাফ সেঞ্চুরিও করেননি, তার পরও ৪৯ রানের এই ইনিংসটিকে ক্যারিয়ারের অন্যতম সেরার স্বীকৃতি দিয়ে দিচ্ছেন স্টাইরিস। ‘এটিকে আমি খুব ওপরেই রাখব। শেষ পর্যন্ত থেকে দলকে জিতিয়ে ফেরাটা সব সময়ই আনন্দের। আর এখানে প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া, বিশ্বের এক নম্বর দল—আনন্দটা তাই দ্বিগুণ হয়ে যাচ্ছে।’ বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেওয়া হয়নি তাঁকে। এই ম্যাচেও স্টাইরিসের খেলার কথা ছিল না। আগের দিন প্র্যাকটিসে চোট পেয়ে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি শেষ মুহূর্তে বাইরে চলে যাওয়াতেই একাদশে সুযোগ মেলে। স্টাইরিস যেমন সুযোগটাকে কাজে লাগিয়েছেন, হঠাত্ পাওয়া অধিনায়কত্বটাকে স্মরণীয় করে রেখেছেন রস টেলরও। ৭১ বলে ৭০ রানের ইনিংসটিতে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি। সংবাদ সম্মেলনে মজা করে বলেছেন, ‘আমি এখন অবসর নিতে যাচ্ছি।’ সাত নম্বরে নামা স্টাইরিসের সঙ্গে যখন জুটি বাঁধেন বন্ড, জয়ের জন্য প্রয়োজন ২২ বলে ৩০ রান। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় জ্যাকব ওরামের ম্যাচ শেষ হয়ে যাওয়ায় কার্যত শেষ জুটি ছিল এটাই। বলিঞ্জারের বল লং অফের ওপর দিয়ে সীমানা ছাড়া করে যখন জয় এনে দিলেন স্টাইরিস, বল বাকি তখনো ৪টি। শুধু ব্যাট হাতে নয়, মুখেও অস্ট্রেলিয়ানদের জবাব দিয়েছেন তাঁদের মতো করে। মিচেল জনসনের সঙ্গে ভালোই একটা লড়াই হয়েছে তাঁর। পরপর দুই বলে চার মারার পর অস্ট্রেলিয়ান পেসারের সঙ্গে প্রায় শারীরিক সংঘর্ষই হয়ে যাচ্ছিল। ফুটবল স্টাইলে মাথায় ঠোকাঠুকিও প্রায় হয়েই গিয়েছিল, দুজনকে আলাদা করেন উইকেটকিপার ব্র্যাড হাডিন। স্টাইরিস পরে ‘গুরুতর কিছু নয়’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে শাস্তি দিয়েছেন দুজনকেই। ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে জনসনকে, স্টাইরিসকে ১৫ শতাংশ। ২৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার। ১১.২ ওভারে ৭৫ রানের উদ্বোধনী জুটির পর অবশ্য ১৫ রানের মধ্যে বিদায় নেন ইনগ্রাম-ম্যাককালাম দুজনই। ১০৬ রানে হোপসের স্লোয়ারে বিদায় নেন গাপটিলও। এর পরই ফ্রাঙ্কলিনের সঙ্গে টেলরের ৬৯ রানের জুটি, যাতে ফ্রাঙ্কলিনের অবদান মাত্র ১২। উদ্বোধনী জুটির পর এই একটিই অর্ধশত রানের জুটি নিউজিল্যান্ড ইনিংসে। একটি-দুটি ব্যতিক্রম বাদে নিউজিল্যান্ডের ইনিংসটাকে অস্ট্রেলিয়ার ইনিংসের ফটোকপি বলে চালিয়ে দেওয়া যায়। সাউদির প্রথম ওভারে তিনটি চার দিয়ে শুরু করেছিলেন ওয়াটসন, হাডিনের সঙ্গে ওপেনিং জুটিতে ৫০ তুলে ফেলেন ৫.৫ ওভারেই। এরপর হাফ সেঞ্চুরি জুটি মাত্র একটিই, ষষ্ঠ উইকেটে হোপসের সঙ্গে মাইক হাসির ৭২। দু অঙ্ক ছুঁয়েছেন প্রথম আট ব্যাটসম্যানের সবাই। কিন্তু ফিফটি একটিই—মাইক হাসির ৫৯। শেষ ১০ ওভারে ৮২ রান তোলার পরও অস্ট্রেলিয়া তাই ৫০ ওভারে ২৭৫। এমনিতে হয়তো রানটা কম নয়, ম্যাকলিন পার্কের ছোট মাঠ আর ব্যাটিং স্বর্গ উইকেটে কমই। ম্যাচশেষে রিকিং পন্টিংও যা স্বীকার করলেন বিরস বদনে। তথ্যসূত্র: ওয়েবসাইট।