জনসনকে ভয় নেই ইংলিশদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজটা এবার মিচেল জনসনের নামে উৎসর্গ করে দিলে কেমন হয়! জনসনের দেড় শ কিলোমিটার গতির কাছে খাবি খেয়েই তো ব্রিসবেন ও অ্যাডিলেডে পরপর বাজেভাবে হারল ইংল্যান্ড। তার ওপর তৃতীয় টেস্টটা হচ্ছে পার্থে। যেখানে ইংল্যান্ডের সাফল্যের স্মৃতিতে ধুলো জমেছে ৩৫ বছরের। এবারের অ্যাশেজটা নিজের মাঠ পার্থেই শেষ করে দিতে পারেন জনসন। ২-০-তে পিছিয়ে পড়া ইংল্যান্ড সিরিজ জিতবে, এই বাজি ধরার লোক কোথায়?
একজন আছেন যিনি ‘১০০%’ বিশ্বাস করেন ইংল্যান্ডের পক্ষে সিরিজ জেতা সম্ভব। সেই পুনর্জাগরণ শুরু হবে পার্থ থেকেই। ইনি ইংল্যান্ডের উইকেটকিপার ম্যাট প্রায়র। ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে ২-০-তে পিছিয়ে পড়েও সিরিজ জিতে ইতিহাস গড়বে তাঁর দল, এ নিয়ে নিঃসংশয় অ্যাডিলেডে ফিফটি পাওয়া প্রায়র। ইংল্যান্ডের এখনো অ্যাশেজ জেতা সম্ভব কি না—এমন প্রশ্নে কাল প্রায়রের সপ্রতিভ উত্তর, ‘অবশ্যই, ১০০%। আমি জানি এই দলটা এ রকম অবস্থা থেকে লড়াই করেই বেরিয়ে আসে।’
অজুহাত না খুঁজে ভুলগুলো খুঁজে ফেরাই ইংল্যান্ডের প্রথম কাজ বলে মনে করেন প্রায়র, ‘আপনি মুখ গোমড়া করে, আহাজারি করে, প্যানপ্যান করে কিংবা অজুহাত দেখিয়ে বসে থাকতে পারেন—তাতে আপনি আবারও হারবেন। এগুলোকে পাশে সরিয়ে আপনাকে লড়াই করতে হবে।’
প্রায়র আত্মবিশ্বাসী এই লড়াই করেই নতুন ইতিহাস গড়বে ইংল্যান্ড, ‘লোকজন আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছে। আমরা এখন পার্থে। আমরা অনেক বছর এখানে কিছু জিতিনি। সত্যি বলছি এগুলো আমাকে উদ্দীপ্তই করে। রেকর্ড তো ভাঙার জন্যই। পরিস্থিতিটা পাল্টে দেওয়ার মতো প্রবল ক্ষুধা আমাদের ড্রেসিংরুমে।’
প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের ঘাতক মিচেল জনসনকে ইংলিশরা কীভাবে সামলায় সেটাই দেখার। ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার অবশ্য বলে দিয়েছেন জনসনকে তারা ভয় পাচ্ছেন না, ‘ভীত এই শব্দটা আমি বলছি না। একটা কথাই আমি বলছি ফাস্ট বোলিং খেলার মতো দক্ষতা ও একাগ্রতা দেখিয়ে আমাদের ব্যাটসম্যানদের লম্বা সময় ধরে খেলতে হবে।’
যাকে নিয়ে এত কথা সেই জনসন কাল বললেন গতি নিয়ে তিনি ভাবছেন না, ‘আমি ১৫৫, ১৬০ গতি নিয়ে ভাবছি না। এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না। ছন্দ ঠিক থাকলে বলটা জায়গা মতো পড়বে ও গতি পাবেই।’ লিলি-টমসন যুগের কথা মনে করিয়ে দিচ্ছেন জনসন, নিয়েছেন ১৭ উইকেট।
এমনিতেই জনসনের বলে জেরবার, এবার ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে হুল ফোটালেন জিওফ বয়কট। অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার ধরনটা নিয়েই প্রশ্ন তুলে সাবেক ইংলিশ অধিনায়ক বলছেন, কুকের নাকি মাথা কাজ করছে না, ‘যার কিনা পথ দেখানোর কথা সে-ই জনসনকে উড়িয়ে মারতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিল। ওর মাথা যে কাজ করছে না এটা তারই প্রমাণ।’ এএফপি, ওয়েবসাইট।