জনসনে ছাই দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে জেরবার হচ্ছে স্বাগতিকরা, দর্শকদের শোরগোলও তাই স্তিমিত। ব্যাপারটা কাল দারুণ উপভোগ করছিলেন সেঞ্চুরিয়ন টেস্টের নায়ক মিচেল জনসন, কান পাতলেন আওয়াজ শুনতে!  এএফপি
মাঠে জেরবার হচ্ছে স্বাগতিকরা, দর্শকদের শোরগোলও তাই স্তিমিত। ব্যাপারটা কাল দারুণ উপভোগ করছিলেন সেঞ্চুরিয়ন টেস্টের নায়ক মিচেল জনসন, কান পাতলেন আওয়াজ শুনতে! এএফপি

সেরাটা তাহলে অ্যাশেজ নয়, দক্ষিণ আফ্রিকার জন্য বাঁচিয়ে রেখেছিলেন মিচেল জনসন! অ্যাশেজে তাঁর পারফরম্যান্স যদি রূপকথার মতো হয়, তাহলে সেঞ্চুরিয়নেরটা কী? রূপকথার চেয়েও অবিশ্বাস্য কিছুর জন্য আসলেই কি কোনো বিশেষণ আছে?
 জনসনের তোপে বিধ্বস্ত ইংল্যান্ডের অবস্থা এতই নাজুক হয়ে গিয়েছিল যে, মনে হচ্ছিল অ্যালিস্টার কুক দলবল নিয়ে দেশে ফিরতে পারলেই বাঁচেন। কিন্তু এবার প্রতিপক্ষ তো ইংল্যান্ড নয়, টেস্টের  এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের আগে যারা সর্বশেষ ১৯ টেস্টের একটিতে মাত্র হেরেছিল, যে দলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা দশ ব্যাটম্যানের তিনজন খেলেন, সেরা চারের দুজন। এই দলটাকেই সেঞ্চুরিয়নে হারাতে জনসনের সময় লাগল মাত্র চার দিন! হ্যাঁ, দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকার যে ২০টি উইকেট পড়েছে তার ১২টিই জনসনের—ক্যারিয়ার সেরা এই পারফরম্যান্সের পর বলাই যায় জনসনই হারিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকাকে।
আর কী নির্মম সে হারানোর ধরন! দুটি ইনিংসে তাঁর বিপক্ষে সামান্য প্রতিরোধ দেখাতে পেরেছেন এবি ডি ভিলিয়ার্স। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যানের (৪৮)। বিশ্বের অন্য কোনো পেসারের সামনে নিকট অতীতে এতটা অসহায় মনে হয়নি বাকি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের। হাশিম আমলার হেলমেটে বল লেগেছে কয়েকবার, রায়ান ম্যাকলারেনের মাথা থেকে রক্ত ঝরেছে, ব্যাট ভেঙেছে ভারনন ফিল্যান্ডারের! চতুর্থ দিনে যে পাঁচটি উইকেট পেয়েছেন তার প্রতিটির পর জনসনের সে কী গর্জন, শরীরী ভাষা, আর আগ্রাসী উদ্যাপন। জনসনের মধ্যে বহুদিন পর ক্রিকেট যেন ফিরে পেল পেস বোলিংয়ের ভয়ংকর সৌন্দর্য! টেলিভিশন মাইকেল হোল্ডিংয়ের চেহারা দেখাল একবার। খেলা দেখছেন আর মুচকি হাসছেন। হয়তো জনসনের মধ্যে খুঁজে পাচ্ছিলেন নিজের উত্তাল যৌবনের দিনগুলোকে।

অ্যাশেজ থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত কতটা ভয়াবহ হয়ে উঠেছেন সেটা বোঝাতে শুধু একটা পরিসংখ্যানই যথেষ্ট। অ্যাশেজের আগে যার ৩০.৯৩ গড়ে উইকেট ছিল ২০৫, মাত্র ৬ টেস্ট পরে সেই জনসনেরই ২৫৪ উইকেট, গড় ২৭.৫০। তথ্যসূত্র: ক্রিকইনফো।

 প্রায় ২৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকার মাঠে সিরিজ না হারার রেকর্ডটা কি তাহলে অক্ষুণ্ন থাকছে অস্ট্রেলিয়ার?