জনসনের আগুনে পুড়ল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডিলেডে আগুন ঝরালেন জনসন ছবি: ক্রিকইনফো
অ্যাডিলেডে আগুন ঝরালেন জনসন ছবি: ক্রিকইনফো

মিচেল জনসনের তোপে উড়ে গেল ইংল্যান্ড। ১৭২ রানে অলআউট হয়ে ইংলিশরা চাপা পড়েছে অস্ট্রেলিয়ার রান-পাহাড়ে। নিজেদের প্রথম ইনিংসে ৫৭০ রান করে ইনিংস ঘোষণা করা অস্ট্রেলিয়া এই মুহূর্তে এগিয়ে ৫৩০ রানে। অন্যরকম কিছু না ঘটলে ব্রিসবেনের পর অ্যাডিলেডেও আরও একটি বড় পরাজয়ই অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য।
জনসনের বোলিং পরিসংখ্যানটা দারুণ—৭/৪০। বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা ফাস্ট বোলিং স্পেলগুলোর পাশাপাশিই থাকে জনসনের এই পারফরম্যান্স। দিন শেষে ঝুলিতে ৭ উইকেট ভরলেও মধ্যাহ্নবিরতির পরপরই তিনি ৫ উইকেট তুলে নেন মাত্র ১৬ রানের খরচায়। নাথান লায়ন, পিটার সিডল আর শেন ওয়াটসন নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন বাকি ৩ উইকেট। ইয়ান বেলের ৭২ আর মাইকেল ক্যারবেরির ৬০ রানের দুটি ইনিংস না হলে ইংলিশদের অবস্থা কী হতো, তা হয়তো ভাবাও যায় না।
ক্যারবেরি ও বেলের দুটো ইনিংস বাদ দিলে বাকি ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কে পৌঁছেছেন কেবল জো রুট (১৫)। বাকিদের ব্যক্তিগত রান একসঙ্গে করলে লটারির টিকিটের নম্বরের মতো একটা ব্যাপার তৈরি হচ্ছে, যা ইংলিশ সমর্থকদের জন্য মোটেও সুখকর কোনো কিছু নয়।
ইংল্যান্ডকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে গেছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। ডেভিড ওয়ার্নার ৮৩ রানে অপরাজিত আছেন। জেমস অ্যান্ডারসন ১৯ রানে ২ উইকেট নিলেও ইংলিশদের রান-পাহাড়ে চাপা পড়ার ব্যাপারটি এড়াতে পারেনি। হাতে যথেষ্ট সময় রেখে অ্যাডিলেড টেস্টে আরও একটি বড় জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।