জনসনের আগুনে পুড়ল লঙ্কা
তাঁর ফর্ম কোথায় হারাল, এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। কিন্তু মিচেল জনসন মনে করিয়ে দিলেন, ভালো খেলোয়াড়দের ফর্মে ফিরতে একটা ম্যাচই লাগে। বাঁ হাতি এই ফাস্ট বোলারের আগুন-ফর্মে ফেরার সেই ম্যাচটাই যেন ছিল কাল।প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা বিনা উইকেটে ৫৪ রান তুলেও শেষ পর্যন্ত ১৯১ রানে অলআউট হলো আসলে জনসনের বোলিং তোপেই। ১০ ওভার বোলিং করে মাত্র ৩১ রানে ৬ উইকেট নিয়েছেন জনসন। জবাবে ওয়াটসন, পন্টিং আর ক্লার্কের ফিফটিতে ৭ উইকেট হাতে রেখেই জিতেছে অস্ট্রেলিয়া। দুটো টি-টোয়েন্টিতেই হেরে সফর শুরু করা অস্ট্রেলিয়া পাঁচ ওয়ানডে সিরিজের শুরুতেই ফিরে পেল নিজেদের।ভালো শুরুর পর শ্রীলঙ্কা যে এভাবে গুটিয়ে যাবে, শুরুতে বোঝা যায়নি। থারাঙ্গার উইকেট ভেঙে ওপেনিং জুটিটা ভাঙেন জেভিয়ার ডোহার্টি, খানিক পর ফিরে যান তিলকরত্নে দিলশানও। জয়াবর্ধনে-সাঙ্গাকারাকে টানা দুই ওভারে ফিরিয়ে দিয়ে উইকেট শিকার শুরু করেন জনসন। এরপর তুলে নেন অ্যাঞ্জেলা ম্যাথুস, জীবন মেন্ডিস, রণদিভ আর অজন্তা মেন্ডিসকে। ১১৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কা অষ্টম উইকেটে রণদিভ-কুলাসেকারা জুটিতে ৬০ রান তোলে বলেই সামান্য পুঁজি পান লঙ্কান বোলাররা।সেটি যৎসামান্য মনে হয়েছে ওয়াটসন ঝোড়ো শুরু এনে দেওয়ায়। পাঁচটি চার আর ছয় ছক্কায় ৫১ বলে ৬৯ করার পর ফেরেন ওয়াটসন। তারও আগে ফেরেন হাডিন। কিন্তু সাবেক আর বর্তমান অধিনায়কের ১০১ রানের জুটিতেই জয়ে নোঙর করে অস্ট্রেলিয়া। জয় থেকে ১০ রান দূরে থাকতে পন্টিং আউট হলেও ওই ৫৩ রানেই অপরাজিত ছিলেন ক্লার্ক। তথ্যসূত্র: ক্রিকইনফো।