জনসনের আগুনেই পুড়ল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটারসেনকে ফিরিয়ে জনসনের বাঁধনহারা উদযাপন। স্মিথের চেয়ে দেখা ছাড়া আর কী বা করার আছে! ছবি: রয়টার্স
পিটারসেনকে ফিরিয়ে জনসনের বাঁধনহারা উদযাপন। স্মিথের চেয়ে দেখা ছাড়া আর কী বা করার আছে! ছবি: রয়টার্স

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান একে আর অস্ট্রেলিয়ার তিনে। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১৩৩, অস্ট্রেলিয়ার ১১১। এসব খুচরো কথা বলার একটাই কারণ, সেঞ্চুরিয়নে এসব র‌্যাঙ্কিং-টেঙ্কিংকে স্রেফ ‘কৌতুকে’ পরিণত করে চুতর্থ দিনেই দক্ষিণ আফ্রিকাকে ২৮১ রানের পরাজয়ের লজ্জা দিয়েছে অস্ট্রেলিয়া। আরও নির্দিষ্ট করে বললে, লজ্জাটা দিয়েছেন আসলে মিচেল জনসন।
জনসনের তাণ্ডবের সামনে টেস্টের এক নম্বর দলের পায়ের নিচের মাটি সরে গেল সুরুত্ করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের হিসেবে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম পরাজয়। প্রথম ইনিংসে জনসন নিয়েছিলেন ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫টি, সব মিলিয়ে ম্যাচে ১২৭ রানে ১২ উইকেট, তাঁর ক্যারিয়ার সেরা। অ্যাশেজের ফর্ম শুধু জনসনই এই সিরিজে টেনে আনেননি, এনেছে তাঁর দলও। টানা ছয়টি টেস্ট জিতল অস্ট্রেলিয়া।
গত দিনের ৪ উইকেটে ২৮৮ রান নিয়ে খেলতে নেমে আজ সকালেই দারুণ এক চমক দিলেন মাইকেল ক্লার্ক। মাত্র ৩.২ ওভার খেলে আগের দিনের সঙ্গে মাত্র দুই রান যোগ করেই ইনিংস ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য তখন ৪৮২।  ক্লার্কের এ সিদ্ধান্তে এটা পরিষ্কার—ম্যাচের ফল চায় অস্ট্রেলিয়া।
অধিনায়কের চাওয়া পূরণ করতে এতটুকু ভুল করেননি জনসন-রায়ান হ্যারিস-পিটার সিডলরা। গ্রায়েম স্মিথের দলকে মুড়ে দিতে অস্ট্রেলিয়ার এ বোলার-ত্রয়ী সময় নিলেন ৫৯.৪ ওভার! ধ্বংসস্তূপ ঠেলে প্রথম ইনিংসের মতো এবি ডি ভিলিয়ার্স জেগে উঠতে চাইলেও জনসন তাঁকে সে সুযোগ দেননি। ৪৮ রানে ভিলিয়ার্সকে সাজঘরে ফেরান জনসন। খুঁড়িয়ে চলা দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০০ রানে। হারতে হয় ২৮১ রানে। জনসনের ঝুলিতে ৫ উইকেট, হ্যারিস ও সিডল পান দুটি করে। ম্যাচ সেরা জনসন।