জনসনের আসল রোমাঞ্চ
আইসিসির র্যাঙ্কিং-ব্যবস্থাটা চালু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি দিন টেস্টের এক নম্বর জায়গাটা ধরে রেখেছিল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়া এখন চার নম্বর দল। আর ভারত এক নম্বরে। ভারত সফরে টেস্ট সিরিজটা জিতে ফেললেই অস্ট্রেলিয়া এক নম্বরে চলে যাবে, এমন নয়। তার পরও ‘এক নম্বরের’ একটা অদৃশ্য লড়াই আছে।অবশ্য এই লড়াইটাকে পাত্তা দিতে চাইছেন না মিচেল জনসন। দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া এরই মধ্যে ভারতে পৌঁছে গেছে। চণ্ডীগড়ে অনুশীলন করতে থাকা সেই দলের পেসার জনসন বলছেন, ভারতের সঙ্গে খেলাটা, বিশেষ করে টেন্ডুলকার-দ্রাবিড়-শেবাগদের বিপক্ষে খেলাটাই বিরাট এক চ্যালেঞ্জ। সে জন্য র্যাঙ্কিং নিয়ে উত্তেজিত হওয়ার দরকার নেই, ‘আমি এসব র্যাঙ্কিং নিয়ে খুব চিন্তা করি না। ভারতে খেলতে আসাটাই তো একটা বড় চ্যালেঞ্জ। টেন্ডুলকার, দ্রাবিড় ও শেবাগের মতো ব্যাটসম্যান আছে ওদের দলে। অন্যদিকে বোলিংয়েও হরভজন সিংয়ের মতো গ্রেট আছে।’তার পরও র্যাঙ্কিং ও হোম কন্ডিশন মিলিয়ে ভারত একটু সুবিধাজনক অবস্থায় আছে না? আবারও র্যাঙ্কিং শব্দটা উড়িয়ে দিতে চাইলেন জনসন, ‘এমনিতেই এটা বড় চ্যালেঞ্জ। র্যাঙ্কিং কোনো ব্যাপার না।’ নিজের জন্যই কেন চ্যালেঞ্জ সেটাও ব্যাখ্যা করেছেন জনসন, ‘ভারতীয় কন্ডিশন, নিচু বাউন্স, গরম, আর্দ্রতা—সবকিছুই একজন ফাস্ট বোলারের জন্য চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি, আমাদের দল দুই টেস্টেই জিততে চাইবে।’মাঠের এসব চ্যালেঞ্জ তো আছেই। সঙ্গে নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে জনসনদের। দিন কয়েক আগে দিল্লিতে দুই তাইওয়ানি ভ্রমণার্থীর ওপর সশস্ত্র হামলায় একটু চিন্তিত ভারতে বহিরাগতরা। অবশ্য জনসন চিন্তিত নন, ‘আমি নিরাপদ বোধ করছি। এখানকার নিরাপত্তাব্যবস্থা দেখে আমি খুশি।’ ওয়েবসাইট।