জনসনের দাবিতে বোল্টের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ যদি বলে, ‘আমি উসাইন বোল্টকে দৌড়ে হারিয়ে দেব’, শুনে হাসি পেতেই পারে। এমনকি কথাটা যদি বেন জনসনের মতো কেউ বলেন তার পরও! হতে পারেন তিনি বিশ্বের সাবেক দ্রুততম, কিন্তু বোল্টের চেয়ে দ্রুত এই গ্রহে আর কেউ দৌড়াতে পারেনি আজ পর্যন্ত। উসাইন বোল্টও তাই হাসলেন, ‘আমার মনে হয় না সে কখনো আমাকে হারাতে পারত।’
কিছুদিন আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে বোল্টের চেয়ে দ্রুত বলে দাবি করেছেন বেন জনসন। ১৯৮৮ সিউল অলিম্পিকে ডোপ কেলেঙ্কারিতে নিষিদ্ধ এই অ্যাথলেট দাবি করেছেন, এখন দৌড়াতে পারলে বোল্টকে তিনি হারিয়ে দিতেন! গতকাল ব্রাসেলসে ডায়মন্ড লিগে মৌসুমে নিজের শেষ ১০০ মিটার দৌড়ের আগে বোল্ট অবশ্য হেসে উড়িয়ে দিয়েছেন সেই দাবি, ‘আমার যতটা মনে হচ্ছে, সে (জনসন) মনোযোগ আকর্ষণ করতে চাইছে। আমার তো মনে হয় না সে আমাকে কখনো হারাতে পারবে।’
ব্রিটিশ অ্যাথলেট মো ফারাহর সঙ্গে তাঁর একটা ৬০০ মিটারের প্রীতি দৌড় হওয়ার কথা। এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে দাতব্য কাজে। তবে বোল্ট জানালেন, প্রীতি হলেও যথেষ্ট প্রস্তুতি নিয়েই তিনি অংশ নিতে চান সেই দৌড়ে, ‘এটা খুবই মজার একটা কাজ হবে। আমি হারার জন্য দৌড়াতে চাই না। যথেষ্ট প্রস্তুতি নিতে চাই, যাতে তাকে (ফারাহ) হারাতে না পারলেও কঠিন প্রতিযোগিতায় ফেলতে পারি।’ ওয়েবসাইট।