এই সিরিজটা শুরুর আগে যখন মিচেল জনসনকে নিয়ে কথাবার্তা হচ্ছিল, তাঁর নাম নিয়ে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দক্ষিণ আফ্রিকাকে ভয় দেখাচ্ছিল, ফ্যাফ ডু প্লেসিস তখন পাল্টা তির ছুড়েছিলেন প্রতিপক্ষের দিকে। তাঁর কথার সারমর্ম—ওসব ভয় দেখিয়ে লাভ নেই, এমন পেস বোলিং আমরা আগে ঢের খেলেছি, জনসনকেও আগে অনেক দেখেছি।
একটু ভুল হয়েছিল ডু প্লেসিসের। এই জনসনকে তাঁরা আসলে আগে দেখেননি, খেলেনিও। যে জনসনকে আগে খেলেছে দক্ষিণ আফ্রিকা তাঁর এমন জাঁদরেল গোঁফ ছিল না, তাঁর হাত থেকে এমন আগুনের গোলা বের হতো না। সেই জনসনের চেহারা ভেসে উঠলে ইংলিশ ব্যাটসম্যানদের পিলেও চমকাত না।
চেনানোর দায়িত্বটা জনসন নিজেই নিয়েছিলেন সেঞ্চুরিয়নে। নতুন পরিচয়ের প্রথম দিনই উড়িয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান টপ অর্ডার। কাল মুড়ে দিলেন প্রোটিয়াদের লেজটাও। ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের প্রথম সেশনেই অলআউট ২০৬ রানে। বাকি ৪ উইকেটের তিনটিই জনসনের। সব মিলিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে ৭ বা তার বেশি উইকেট। এমনি এমনি তো আর তাঁকে এই মুহূর্তে বিশ্বসেরা ফাস্ট বোলার বলেননি বোলিং কোচ ক্রেইগ ম্যাকডারমট।
জনসন যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই দ্বিতীয় ইনিংসের শুরু করলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও। ডেল স্টেইনের প্রথম বলেই রজার্স ফিরে গেছেন, তবে সেই ধাক্কার আঁচ লাগতে দেননি ওয়ার্নার ও ডুলান। প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে ফেলে ওয়ার্নার দুর্দান্ত সেঞ্চুরি (১১৫) করলেও মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি অধরা থেকে গেছে অভিষিক্ত ডুলানের কাছে। ১৯১ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে যোগ হয়েছে ৩ উইকেটে আরও ২৮৮ রান।
শেষ ইনিংসে তাড়া করার জন্য রানের পাহাড় অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকার জন্য—এটা তো নিশ্চিন্তেই বলা যায়। তথ্যসূত্র: টেন ক্রিকেট, ক্রিকইনফো।