জন্টি রোডসকে পাশে চান কারস্টেন
ভারতকে বিশ্বকাপ শিরোপা জেতানোর পর নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন গ্যারি কারস্টেন। কোচের দায়িত্ব নেওয়ার পর তিনি পুরো দক্ষিণ আফ্রিকান ক্রিকেট অঙ্গনকেই ঢেলে সাজানোর দিকে মন দিয়েছেন। কয়েক দিন আগে বোলিং কোচ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডকে। এবার প্রোটিয়া ক্রিকেটারদের ফিল্ডিংয়ের উন্নতির জন্য ফিল্ডিং কোচ হিসেবে তিনি চাইছেন কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসকে।এবারের বিশ্বকাপে কেনিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন রোডস। সদ্য শেষ হওয়া আইপিএলের চতুর্থ আসরে তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ। এবার সাবেক এই সতীর্থকে নিয়ে একসঙ্গেই কাজ করতে চান কারস্টেন। ‘স্পোর্টস২৪’-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘জন্টি অবশ্যই আমাদের পরিকল্পনার একটা বড় অংশজুড়ে আছে। আমরা তাঁকে একজন পরামর্শক হিসেবেও নিয়োগ দিতে পারি।’এ ছাড়া বিশ্বখ্যাত ক্রীড়া-মনোবিদ প্যাডি উপটনকেও কোচিং স্টাফদের মধ্যে রাখতে চান কারস্টেন। তাঁরা দুজনই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। ইএসপিএন।