জন্মদিন আর রানের মিতালি
জীবনের ইনিংসে পঞ্চাশ হয়ে গেল। ২২ গজে পঞ্চাশ করে ব্যাট তুলেছেন তো কতবারই। জীবনের ইনিংসের পঞ্চাশে হাতে ছুরি। গত পরশু পঞ্চাশতম জন্মদিনের কেক কাটলেন অ্যালেক স্টুয়ার্ট। স্টুয়ার্টের বয়স পঞ্চাশ হয়ে গেল! অনেকের কাছেই খানিকটা খটকা লাগতে পারে। মনে হতে পারে, এই সেদিনই তো ইংল্যান্ডের হয়ে খেললেন! মনে হওয়াটা অস্বাভাবিক নয়, ৪০তম জন্মদিনের পরও আন্তর্জাতিক ক্রিকেট খেলে গেছেন। বয়স ব্যাপারটি নিয়ে মাথা ঘামানোয় অবশ্য স্টুয়ার্টের প্রবল আপত্তি। হয়তো ক্যারিয়ারের শেষ দিকে বয়স নিয়ে অনেক কথা হজম করতে হয়েছে বলেই। আত্মজীবনীতে লিখেছেন, ‘পারফরম্যান্স যদি ঠিক থাকে, জন্মসনদের ওই তারিখটা অর্থহীন।’অথচ দেখুন, বিধাতা স্টুয়ার্টের সঙ্গে সবচেয়ে বড় রসিকতাটি করেছেন ওই জন্মতারিখ নিয়েই। সমৃদ্ধ ক্রিকেট ক্যারিয়ারটি নিয়ে যতবার ভাববেন, জন্মতারিখটি মনে পড়বে ততবারই! জন্ম ১৯৬৩ সালে ৮ এপ্রিল। তারিখটা একটু খেয়াল করে দেখুন—৮.৪.৬৩। অবিশ্বাস্য হলেও সত্যি, স্টুয়ার্টের টেস্ট রানও ৮৪৬৩! এই একটা জায়গায় তিনি একমেবাদ্বিতীয়ম। জন্মতারিখ আর ক্যারিয়ার-রান একই—ক্রিকেট ইতিহাসে আরও কারও এই ঘটনা নেই!৮৪৬৩ রান এই যুগে দারুণ কিছু মনে না-ও হতে পারে। টেন্ডুলকার-পন্টিং-দ্রাবিড়-ক্যালিসদের কাছে আসলেই এমন কিছু নয়। তার পরও ইংলিশ ক্রিকেটে স্টুয়ার্টের জন্য আলাদা জায়গা রাখতেই হবে। ইংল্যান্ডের শুধু গ্রাহাম গুচেরই (৮৯০০) টেস্টে তাঁর চেয়ে বেশি রান আছে। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট (১৩৩) খেলার রেকর্ডটি তাঁরই। এই রান আর ম্যাচসংখ্যার মহিমা আরও বেড়ে যাবে, যখন জানবেন টেস্ট ক্যাপ পেতে পেতেই ২৭তম জন্মদিনের কেক প্রায় কেটে ফেলেছিলেন স্টুয়ার্ট! টেস্টে ৮ হাজার রান ছোঁয়া ২৪ জনের মধ্যে একমাত্র স্টুয়ার্টের গড়ই চল্লিশের নিচে। কিন্তু এই ৩৯.৫৪ গড় নিশ্চিতভাবেই আরও বেশি হতো, যদি দলের প্রয়োজনে কিপিং গ্লাভস পরতে না হতো। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ৮২ টেস্টে ব্যাটিং গড় ৩৪.৯২, শুধু ব্যাটসম্যান হিসেবে খেলা ৫১ টেস্টে তা ৪৬.৭০। চমকপ্রদ তথ্য আছে আরেকটি। লারা-টেন্ডুলকাররা যখন মধ্য গগনে, সেই নব্বইয়ের দশকে সবচেয়ে বেশি টেস্ট রান কিন্তু এই স্টুয়ার্টেরই (৬৪০৭, দুইয়ে মার্ক ওয়াহ ৬৩৭১)। তথ্যটা জানার পর স্টুয়ার্ট বলেছিলেন, ‘একবার ভেবে দেখুন, কিপিং না করলে আরও কত রান করতাম!’যা-ই হোক, রান-জন্মদিনের মিতালিতে ফেরা যাক। হুবহু একই তো আর নেই, তবে একটু অন্যভাবে খুব কাছাকাছি গিয়েছিলেন ব্রুস এডগার ও ব্রায়ান ম্যাকমিলান। সাবেক নিউজিল্যান্ড ওপেনার এডগারের জন্ম ১৯৫৬ সালে, টেস্টে রান করেছেন ১৯৫৮। আর দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ব্রায়ান ম্যাকমিলানের জন্ম স্টুয়ার্টের মতোই ১৯৬৩ সালে, আর টেস্টে রান করেছেন ১৯৬৮!