জন্মদিন উদ্যাপন করেননি তিনিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় ঘটা করে জন্মদিন পালনের প্রশ্নই আসে না। কিন্তু তার পরও নিদারুণ দারিদ্র্যের মধ্যেও ৩০ অক্টোবর দিনটা বিশেষ আনন্দ নিয়ে আসত। গত ৫০ বছরে ৫০টি জন্মদিন গেছে। কিন্তু এমন জন্মদিন আগে কখনো আসেনি। খোদ ডিয়েগো ম্যারাডোনাও বলছেন, ৫০তম জন্মদিনটাই তাঁর জীবনের সবচেয়ে বিষণ্ন জন্মদিন। আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলেকে ম্যারাডোনা বলেছেন, তাঁর মেয়ে আর প্রেমিকা দিনটা আনন্দ-উদ্যাপনে কাটাতে চেয়েছিল। কিন্তু মন থেকে সায় পাননি তিনি, ‘আমার জীবনের সবচেয়ে দুঃখের জন্মদিন ছিল এটাই। এ কারণে আমি দিনটা উদ্যাপন করতে চাইনি। দালমা (বড় মেয়ে) আর ভেরোনিকা সাধছিল আমাকে নিয়ে বের হতে। কিন্তু আমার মন বিষণ্ন বলে তাতে সায় দিইনি।একে তো তাঁর দীর্ঘদিনের বন্ধু, আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্চনার কদিন আগে মারা গেছেন। তার ওপর ম্যারাডোনাকে পোড়াচ্ছে জাতীয় দলের দায়িত্বে আর থাকতে না পারা। ৫০তম জন্মদিনের এই বিশেষ দিনটা তিনি জাতীয় দলের কোচ হয়ে পালন করতে পারলেই সবচেয়ে তৃপ্ত হতেন, ‘আমার মনের ভেতর শোক শুরু হয়ে গেছে সেদিন থেকেই, যেদিন আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেলাম।’ এই বিশেষ দিনটার সবচেয়ে ভালো উপহার কী হতো—এমন প্রশ্নের উত্তরেও বললেন, ‘যদি আমি জাতীয় দলে থেকে যেতে পারতাম।’তিনি আর জাতীয় দলের কেউ নন—এই ভাবনাটাই প্রতিদিন পোড়ায়। কিন্তু ম্যারাডোনা জানালেন, জাতীয় দল থেকে নিজেকে বিচ্ছিন্ন ভাবেন না কখনোই, ‘আমি আমার খেলোয়াড়দের জন্য সব সময়ই লড়াই করে গেছি। আজীবন তা-ই করব।’ তবে কি আজন্ম লড়াকু ম্যারাডোনা ভেঙে পড়ছেন? এবার যেন বেরিয়ে এল আসল ম্যারাডোনা, ‘মোটেও না। আমি তো আর মারা যাইনি। আমি এখন অটুটই আছে। তবে কোনো কিছু উদ্যাপন করার মুড আমার নেই।’ম্যারাডোনার জন্য জন্মদিনের ভালো উপহার দিতে পারে কেবল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আজ কোচ নির্বাচন নিয়ে এএফএর বিশেষ বৈঠক। দেখাই যাক, কোনো সুখবর ম্যারাডোনা পান কি না! ওয়েবসাইট।