জন্মদিনে অনন্য তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছিলেন তামিম ইকবাল। বাদ পড়া বললে ভুল হবে, তাঁর সাম্প্রতিক ফর্মের কারণে বোর্ডের সভাপতি নিজের ক্ষমতাবলে তামিমকে দল থেকে বাদ দিয়েছিলেন। তা নিয়ে কত জল ঘোলা ! কত নাটক ! প্রধান নির্বাচক আকরাম খান পদত্যাগ করলেন এর প্রতিবাদে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রধান নির্বাচক আকরাম খান ফিরলেন স্বপদে—ফেরানো হলো তামিম ইকবালকেও। ফিরে এশিয়া কাপে তামিম প্রধানমন্ত্রীর মান রাখলেন, রাখলেন দেশের মান। একই সঙ্গে অনেকটা নিজেরও। অসাধারণ এক পারফরম্যান্সে এশিয়া কাপ স্মরণীয় করে রাখলেন। আজ তামিম ইকবালের ২৪তম জন্মদিন। এশিয়া কাপের ফাইনালে ওঠার প্রাণপাত করা লড়াইয়ে তাঁর ব্যাট থেকে এসেছে অনবদ্য ৫৯ রান। বৃষ্টি আইনে কিছুটা কঠিন হয়ে যাওয়া বাংলাদেশের রান তাড়ায় তামিমের এই অর্ধশত দিয়েছে অনন্য অনুপ্রেরণা। মাত্র ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলকে নির্ভরতা দিয়েছে তামিমের চওড়া ব্যাট। ৫৭ বলে ৫৯ রান করে সেনানায়েকের বলে থিরামান্নের হাতে ধরা পড়ে বিদায় নেওয়াটা বাংলাদেশের ফাইনালে ওঠার অভিযাত্রায় কিছুটা আঘাত হয়ে এলেও ক্যারিয়ারের বাজে সময়ে তামিমের এমন দুর্দান্ত কামব্যাক সাধুবাদ পেতেই পারে।জন্মদিনটা হয়তো উদযাপন করার সময় পাননি তামিম। কিন্তু চমত্কার খেলে জন্মদিনটা দারুণভাবে উদযাপনের ক্ষেত্রটাও করলেন তিনি। আর সতীর্থরা বাকি কাজটা ঠিকমতো করলেন বলেই তামিমের ইনিংসটি সার্থক হলো। সেই সঙ্গে জমজমাটভাবে পালিত হলো তামিমের জন্মদিনটাও। জন্মদিনে তামিমকে শুভেচ্ছা।