জন্মদিনে চণ্ডীগড়ে টেন্ডুলকার
দীর্ঘ দুই বছরের সেঞ্চুরি-খরা কাটানোর পর শততম শতকটির দেখা পেয়েছেন। আর ক্রিকেট জগতের এই অনন্য রেকর্ডটি করার পর এবারই প্রথম জন্মদিন উদযাপন করছেন শচীন টেন্ডুলকার। ৩৯তম জন্মদিনটি তাই কিছুটা হলেও আলাদা ভারতের এই ব্যাটিং আইকনের জন্য। তবে খুব বেশি জাঁকজমকপূর্ণভাবে এটি উদযাপন করছেন না লিটল মাস্টার। চণ্ডীগড়ে মুম্বাই ইন্ডিয়ানস দলের সঙ্গে অনাড়ম্বরভাবেই উদযাপন করছেন ৩৯তম এই জন্মদিন। আজ রাতে আইপিএলের খেলায় তাঁর দল মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাবের।ভারতের ক্রিকেট ঈশ্বর বলে বিবেচিত সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান আজ সকালে স্ত্রী অঞ্জলির সঙ্গে গাড়িতে করে এসে পৌঁছান অনুষ্ঠানস্থলে। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের সতীর্থ দিনেশ কার্তিক, জেমস ফ্রাঙ্কলিন, প্রজ্ঞান ওঝা, কাইরন পোলার্ডসহ দলের বেশির ভাগ সদস্য। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিপুল করতালির মাধ্যমে তাঁকে অভিবাদন জানান অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা। এরপর ভক্তদের অটোগ্রাফ দেন টেন্ডুলকার। টি-শার্ট, হাত এমনকি টিস্যুর ওপরেও অটোগ্রাফ নিয়েছেন অনেক শচীন ভক্ত। এ সময় জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় প্রশাসক ও রাজনীতিবিদদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান।অনুষ্ঠানে বাড়তি তারকা আকর্ষণ তৈরি করেছেন বলিউড অভিনেতা রাহুল দেব, সাবেক ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসান। তবে মুম্বাই ইন্ডিয়ানস দলের মালিক নিতা আম্বানি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। টাইমস নিউজ নেটওয়ার্ক