
আলজেরিয়ার ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয়। আজ আরেকটি জয় পেলেই গ্রুপ ‘এইচ’ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে বেলজিয়াম। মার্ক উইলমটসের ছাত্ররা কি পারবে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে?
মারাকানায় আজ তাদের প্রতিপক্ষ রাশিয়া। কাগজে-কলমে তো বটেই, পরিসংখ্যান, ফিফা র৵াঙ্কিং, এমনকি শারীরিকভাবেও এিগয়ে থাকবে বেলজিয়ানরা। কিন্তু বেলজিয়াম শিবির একটু অস্বস্তিতে আছে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির খেলা নিয়ে। আলজেরিয়ার ম্যাচে পুরোটা সময় খেললেও গত বৃহস্পতি ও শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার। কোচ উইলমটস অবশ্য আশাবাদী অধিনায়ককে ঠিকই পাবেন, ‘সবকিছুই ভালোভাবে হচ্ছে। সে দলের সঙ্গে শনিবার অনুশীলন করবে।’
কোম্পানি শেষ পর্যন্ত খেলতে না পারলে তাঁর জায়গা নিতে পারেন নিকোলাস লোম্বার্টস। সেটা দলের জন্য আশীর্বাদও হতে পারে! ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার ২০০৭ থেকেই খেলেন রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে। রাশিয়ানদের নাড়ি-নক্ষত্র তাঁর জানা, ‘রাশিয়া শারীরিকভাবে খুব শক্তিশালী নয়। তাদের মাত্র দুজন খেলোয়াড় ছয় ফুটের বেশি লম্বা। কাজেই লম্বা হওয়ার কারণে আমরা বাড়তি সুবিধা পাব।’
রাশিয়ার বড় শক্তি কোচ ক্যাপেলো। এই ইতালিয়ান দায়িত্ব নিয়ে রাশিয়ার খেলার দর্শনটাই দিয়েছেন পাল্টে। মিডফিল্ডার দেনিস গ্লুশাকভ কোচের প্রশংসায় পঞ্চমুখ। যদিও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রথম ম্যাচে তাঁরা ভালো কিছু করতে পারেননি। গোলরক্ষক ইগর আকিনফিভের ‘শিশুতোষ’ ভুলে উল্টো তারাই গোল খেয়ে বসেছিল প্রথম। পরে বদলি হিসেবে নামা অভিজ্ঞ স্ট্রাইকার আলেকসান্দর কারজাকভ দলকে ড্র এনে দিয়েছেন। তবে কোচ ক্যাপেলো স্পষ্টই জানিয়ে দিয়েছেন, আজও পোস্টের নিচে থাকবেন আকিনফিভ। কারজাকভকে ফেরাতে পারেন শুরুর একাদশে। আগামী বুধবার আটষট্টিতে পা দেবেন ক্যাপেলো। জন্মদিনের উপহার হিসেবে শিষ্যদের কাছে আজ তাঁর চাওয়া, ‘কোরিয়ার ম্যাচের দ্বিতীয়ার্ধে দল যেভাবে খেলেছে, সেভাবে খেলতে পারলে সেটাই সম্ভবত আমার জন্মদিনে তাদের দেওয়া সেরা উপহার হবে।’ গ্লুশাকভ সতীর্থদের উদ্বুদ্ধ করছেন কোরিয়া ম্যাচের কথা ভুলে যেতে। মারাকানায় খেলার জন্য তর সইছে না তাঁর, ‘মারাকানায় খেলার জন্য সত্যিই আমি রোমাঞ্চিত।’ রয়টার্স ও এএফপি।