জন্মদিনে টেন্ডুলকার-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে আইপিএল দিয়ে ক্রিকেট বিশ্বে নিয়ন্ত্রণটা আরও পোক্ত করেছে ভারত, সেই আইপিএলই এখন ভারতের সবচেয়ে বড় অস্বস্তি। গত কিছুদিন ভারতীয় ক্রিকেটের খবর মানে কেবলই বিতর্ক। কালকের দিনটিই ছিল অন্যরকম। ৩৭ পূর্ণ করলেন শচীন টেন্ডুলকার, আধুনিক ডনের জন্মদিনে অন্যকিছু কি আর বড় খবর থাকে! দিনটি ছিল তাই শুধুই টেন্ডুলকার-বন্দনার।এই বয়সে বেশির ভাগেরই ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যায়। টেন্ডুলকার সেখানে জন্ম দিচ্ছেন একের পর এক বিস্ময়ের। তাঁর প্রশংসায় খুঁজতে হচ্ছে নতুন নতুন উপমা। জন্মদিনের উৎসবটা অবশ্য সম্পূর্ণ করতে পারছেন না, আজই যে আইপিএলের ফাইনাল। টেন্ডুলকারের খেলা নিয়ে সংশয় এখনো কাটেনি। তবে প্রথমবার ফাইনালে ওঠা মুম্বাই ইন্ডিয়ানস শিরোপা জিতলেই পূর্ণমাত্রা পাবে জন্মদিনের উৎসব। ভারত ও মুম্বাই ইন্ডিয়ানস সতীর্থ হরভজন সিংও তাকিয়ে আছেন সেদিকে, ‘শিরোপাটা শচীনের জন্য হবে দলের দারুণ একটা উপহার এবং কৃতজ্ঞতা জানানোর একটা চমৎকার উপায়।’ টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভাজ্জির কণ্ঠে ছিল টেন্ডুলকারের জন্য শ্রদ্ধা আর প্রশংসা, ‘দিন দিন তাঁর রানক্ষুধা বেড়েই যাচ্ছে এবং সে দারুণ ধারাবাহিক। খেলাটা এখনো উপভোগ করে, এটা বলা মোটেও বাড়াবাড়ি হবে না যে সব তরুণকেই সে পেছনে ফেলে দিচ্ছে। আমার কাছে শচীন ১৭ বছরের তরুণের মতো এবং আমি তো চাই যত দিন সম্ভব সে যেন আমাদের পাশে থাকে।’টেন্ডুলকারের পুরো ক্যারিয়ারে কিছুটা প্রশ্ন তোলার অবকাশ আছে একমাত্র তাঁর অধিনায়কত্ব নিয়েই। তবে মুম্বাই ইন্ডিয়ানসে তাঁর নেতৃত্বে খেলে মুগ্ধ হরভজন, ‘সে এমনই এক কিংবদন্তি, তরুণেরা তাঁর দিকে একটু সম্ভ্রমের দৃষ্টিতেই তাকায়। কিন্তু সে সবকিছুই খুব স্বাভাবিক রাখে, তরুণদের উৎসাহ দেয়। একটা ফোন করলেই দলের যেকোনো তরুণ তাকে কাছে পেয়ে যায়। এটাই ব্যক্তি শচীন সম্পর্কে সবকিছু বলছে।’ সবার জানা কথাটাই আরেকবার প্রতিফলিত হয়েছে মহেন্দ্র সিং ধোনির কণ্ঠে, ‘শচীনের জন্মই হয়েছে ক্রিকেটের জন্য।’ ব্যাটিং সামর্থ্যের কথা তো জানাই, ভারতীয় অধিনায়ক এবং আইপিএলের ফাইনালে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস অধিনায়ক বিস্মিত টেন্ডুলকারের ফিটনেস দেখে, ‘তার ব্যাটিং নিয়ে বলার কিছু নেই, এটা সবাই জানে। কিন্তু সে দুর্দান্ত ফিল্ডার, ফিটনেস দেখে মনেই হবে না বয়স ৩৭। আগেও আমি একবার মজা করে বলেছিলাম, আমিই হয়তো টেন্ডুলকারের আগে অবসর নিতে পারি। ফেদেরারের ইচ্ছে তার যমজ দুই মেয়ে তাকে গ্র্যান্ড স্লাম খেলতে দেখবে, টেন্ডুলকারের ছেলে ইতিমধ্যেই মাঠে বসে বাবাকে খেলতে দেখছে। তার দক্ষতা ও সহিষ্ণুতা বোঝাতে এটাই যথেষ্ট।’জন্মদিনের আগের রাতেই অবশ্য পেয়ে গেছেন একটা উপহার, আইপিএলের পুরস্কার রজনীতে পেয়েছেন সেরা ব্যাটসম্যানের পুরস্কার। এই টি-টোয়েন্টিটাই ছিল টেন্ডুলকারের সাম্প্রতিকতম চ্যালেঞ্জ। একটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে করেছেন ১০ রান, এর পরই অবসর। নতুন প্রজন্মের ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে পারবেন না বলেই এই অবসর—এমনটা ভাবার লোকের অভাব ছিল না। প্রথম আইপিএলে করেছিলেন ৭ ম্যাচে মাত্র ১ ফিফটি, স্ট্রাইক রেট মাত্র ১০৬। গতবার আরেকটু ভালো, ১৩ ম্যাচে ২ ফিফটিতে ৩৬৪ রান, স্ট্রাইক রেট ১২০.১৩। এবারের আইপিএলেই দেখিয়েছেন, যাঁরা সত্যিকারের গ্রেট, তাঁরা সব ক্ষেত্রেই গ্রেট। ১৪ ম্যাচে ৫ ফিফটিতে ৫৭০ রান, স্ট্রাইক রেট ১৩৫.৩৯। ক্যারিয়ারজুড়ে হাজারো চ্যালেঞ্জের মতো এই চ্যালেঞ্জেও জয়ী টেন্ডুলকার। ওয়েবসাইট।