জন্মদিনে শুভেচ্ছা পাননি, অভিমানে ক্লাব ছাড়বেন তোরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে ক্লাবের কাছ থেকে শুভেচ্ছা না পাওয়ায় মন খারাপ করেছেন তোরে। এই খবর ছড়ানোর পর তাঁর ছবির ক্যারিকেচার।
জন্মদিনে ক্লাবের কাছ থেকে শুভেচ্ছা না পাওয়ায় মন খারাপ করেছেন তোরে। এই খবর ছড়ানোর পর তাঁর ছবির ক্যারিকেচার।

খেলোয়াড়েরা কত কারণেই তো ক্লাব ছাড়েন। কিন্তু জন্মদিনে শুভেচ্ছা না জানানোর জন্য রাগে-অভিমানে পেশাদার ফুটবলার দল বদল করেছেন এমন নজির বোধ হয় ফুটবল দুনিয়ায় নেই। সেই নজিরবিহীন কাণ্ডই ঘটাতে যাচ্ছেন ইয়াইয়া তোরে। এবার ম্যানচেস্টার সিটিকে লিগ জেতাতে বড় ভূমিকা রাখা এই ফুটবলারের এজেন্ট জানিয়েছেন, তোরে ক্লাব ছাড়ার চিন্তা করছেন। কারণ ক্লাব কর্তৃপক্ষ তাঁর ৩১তম জন্মদিনে কোনো শুভেচ্ছা জানায়নি!

পুরো বিষয়টিই তাঁর প্রতি ক্লাবের এক ধরনের ‘অসৌজন্যমূলক’ আচরণ হিসেবে দেখছেন তোরে। তাঁর এজেন্ট দিমিত্রি সেলুক জানিয়েছেন, তোরে এতে অসম্মানিত বোধ করেছেন। এবং বিষয়টিতে তিনি যথেষ্ট ক্ষুব্ধ। এজেন্টের কথার সূত্র ধরে নিজের টুইটারে মন্তব্যও করেছেন তোরে, ‘দিমিত্রির কথাগুলো সত্য। এ ব্যাপারে আমি বিশ্বকাপের পর সব কিছু খোলাসা করব।’
তাঁর জন্মদিনে ম্যানচেস্টার সিটি কেন নীরব থাকল, সে ব্যাপারে তোরে নাকি নিজেকে বঞ্চিত বোধ করছেন। তাঁর এজেন্ট বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে তোরের মনের অবস্থা বর্ণনা করে বলেছেন, ‘তোরে অবশ্যই ম্যানচেস্টার সিটির এই আচরণে মনে কষ্ট পেয়েছেন।’

তোরের হয়ে বিবিসির কাছে সেলুকের বক্তব্য অনেকটা এমন, ‘এটা একটা সাধারণ ভদ্রতা। ক্লাব তো জানে কবে তোরের জন্মদিন। জন্মদিনে তোরে আশা করেছিলেন ক্লাব কর্তৃপক্ষ তাঁকে শুভেচ্ছা জানাবে। কেউ কেউ এসে হাত মেলাবে। কিন্তু এগুলোর কোনোটি না হওয়ায় যথেষ্ট কষ্ট পেয়েছে সে।’
১৩ মে ছিল তাঁর জন্মদিন।