জন্মদিনেও অচেতন শুমাখার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাউস আকৃতির কেক আসার কথা ছিল। স্ত্রী করিনা আর ছেলেমেয়েকে পাশে নিয়ে হয়তো কাল সেই কেকটা কাটতেন মাইকেল শুমাখার। সুইজারল্যান্ডের গ্রান্ডে সাড়ে সাত হাজার বর্গফুট আয়তনের বাড়িটা গমগম করত বন্ধু-পরিজনদের উচ্ছ্বাসে।
অথচ সেই মানুষটারই ৪৫তম জন্মদিনটা কাটল ফ্রান্সের এক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে!
জন্মদিন পালনের প্রশ্নই ওঠে না। স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের অন্যরা আরও একটা উদ্বেগাকুল দিন পার করেছেন হাসপাতালে। স্কি করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ার থেকে প্রতিদিনই হাসপাতালের বাইরে শুভাকাঙ্ক্ষীদের ভিড়। কাল তাঁর জন্মদিনে ভিড়টা বাড়ল আরেকটু। এসেছিলেন ফর্মুলা ওয়ানে ফেরারির একসময়ের সহচরেরাও। বন্ধুকে শুভকামনা জানিয়েছেন তাঁরা সবাই হাসপাতালের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে। ফেরারির সাবেক প্রধান জ্যাঁ তদ অবশ্য ভেতরে গিয়ে দেখা করেছেন শুমাখারের পরিবারের সঙ্গেও। তবে তাঁর শারীরিক অবস্থার নতুন কোনো সংবাদ আনতে পারেননি তিনি।
রোববার দুর্ঘটনার পর থেকেই প্রতিদিন একবার হাসপাতালে সংবাদ সম্মেলনে করে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হতো গণমাধ্যমকে। তবে বুধবার সর্বশেষ সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, আপাতত স্থিতিশীল অবস্থায় আছেন শুমাখার। নতুন কিছু জানা না গেলে আর সংবাদ সম্মেলন করা হবে না। কাল তাই গ্রেনোবেলে কোনো সংবাদ সম্মেলন হয়নি। তবে শুমাখারের ওয়েবসাইটে তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শুমাখারের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতে চাই যারা সহমর্মিতা জানাচ্ছেন এবং শুভকামনা পাঠিয়েছেন তাঁদের সবাইকে। আমরা সবাই জানি শুমাখার একজন যোদ্ধা এবং সে হাল ছেড়ে দেবে না।’ এএফপি।
এই চাওয়াটা ক্রীড়া বিশ্বের সবারও।