জন্মদিনের আকাঙ্ক্ষা-তালিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৩ সালের এই দিনে, মারাঠি ভাষার কবি ও অধ্যাপক রমেশ টেন্ডুলকারের ছোট ছেলের জন্ম মুম্বাইয়ে। গত ৩৯ বছরে সেই ছেলে এমনই কীর্তিমান হয়ে উঠেছেন, আজকের দিনটা পুরো ক্রিকেট-বিশ্বের জন্যই এক আনন্দের উপলক্ষ। শচীন টেন্ডুলকারের আজ জন্মদিন। এ যুগের ব্র্যাডম্যান আজ পূর্ণ করলেন ৩৯। জন্মদিনে প্রতিবছরই নিয়ম করে ক্রিকেট-বিশ্বে চলে টেন্ডুলকার-স্তুতি। এবার না হয় তাঁর গড়া হাজারো কীর্তি, গাদা-গাদা রেকর্ড দিয়ে না-ই বা মনে করিয়ে দেওয়া হলো কতবড় ব্যাটসম্যান তিনি। অবসরের প্রশ্নে যেভাবে বিরক্ত হন, তাতে পরিষ্কার খেলবেন আরও অনেক দিন। দেখা যাক, টেন্ডুলকারের জন্মদিনের আকাঙ্ক্ষা-তালিকায় থাকতে পারে কী কী কীর্তি! কোন কীর্তিটা তাঁর নেই, কিন্তু বাস্তবতা বলছে পাওয়া সম্ভব। কোন কীর্তিটাই বা হাতছানি দিচ্ছে তাঁকে ২০০ টেস্ট ম্যাচ, খেলেছেন ১৮৮টি। ৫০০ ওয়ানডে ম্যাচ, খেলেছেন ৪৬৩টি। ২০ হাজার ওয়ানডে রান, এখন রান ১৮৪২৬। টেস্ট ক্রিকেটে তো বটেই, প্রথম শ্রেণীর ক্রিকেটেও কোনো ট্রিপল সেঞ্চুরি নেই। একটা ট্রিপল সেঞ্চুরি কি আসবে রানের এভারেস্ট গড়া ওই ব্যাট থেকে? ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তি, অ্যান্ড্রু জোনস, জ্যাক মরোনি, জিওফ হাওয়ার্থ, ইয়াসির হামিদ, ওয়ারেন বার্ডসলি—এমন বিস্মৃত অনেক নামের পাশেই আছে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি। টেন্ডুলকারের নেই! ওয়ানডেতে পূর্ণাঙ্গ ইনিংসে আদ্যন্ত ব্যাটিং করা হয়ে ওঠেনি এখনো, যে কীর্তি আছে গ্রান্ট ফ্লাওয়ার, নিক নাইট, রিডলি জ্যাকবস, এমনকি ডেমিয়েন মার্টিনের মতো ‘মেক শিফট’ ওপেনারেরও!’ ৫০ টেস্ট উইকেট পেতে প্রয়োজন আর মাত্র ৫ উইকেট। অনেক দিন ধরেই বোলিং এত কম করেন যে ওই ৫ উইকেট পাওয়াও সহজ হবে না! ওয়ানডে সেঞ্চুরির ‘হাফ সেঞ্চুরি’, প্রয়োজন আর মাত্র ১টি! আর ৫টি ছয় মারলেই ওয়ানডেতে ছক্কার ‘ডাবল সেঞ্চুরি’ হয়ে যাবে। ২০০টি ছয় আছে শুধু দুজনের—শহীদ আফ্রিদি (২৯৮) ও সনাৎ জয়াসুরিয়া (২৭০)। টেস্টে দুই হাজার চার! টেস্ট বাউন্ডারি এখন ১৯৯৫+, কারণ একটি ইনিংসে চারের হিসাব নেই। তবে ওই ইনিংসে রান করেছিলেন মাত্র ১১, চার থাকতে পারত সর্বোচ্চ দুটি। দুই হাজার হতে তাই লাগবে ৩ থেকে ৫টি চার! আর ২১২ দিন পর একটা ওয়ানডে সেঞ্চুরি করতে হবে, তা হলেই হয়ে যাবে সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে সেঞ্চুরি! ৩৯ বছর ২১২ দিনে সেঞ্চুরি করে রেকর্ডটি জয়াসুরিয়ার। ওয়ানডেতে ১৫০ ক্যাচ হতে লাগবে আর ১০ ক্যাচ, মোহাম্মদ আজহারউদ্দিনকে ছাড়াতে ১৭টি, পন্টিংকে ছাড়াতে ২০টি। সবার ওপরে জয়াবর্ধনে অবশ্য ধরাছোঁয়ার বাইরেই (১৯০)। রাষ্ট্রীয় নিয়মের পরিবর্তন লাগবে, কিন্তু টেন্ডুলকারের জন্য সেটা এমন বড় কিছু নয়। ‘ভারতরত্ন’ গৌরবে হাসবেন হয়তো শিগগিরই!