জন্মদিনের আগে হাসপাতালে আলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেয়াড়া শরীরটা ইদানীং যেন কথা শুনতে চাইছে না। আজ এ অসুখ তো কাল সে অসুখ। এমনিতেই তিন দশক ধরে পারকিনসন্স রোগটিকে বয়ে বেড়াচ্ছেন মোহাম্মদ আলী। গত কিছুদিন যাবৎ নতুন সমস্যা হয়ে উঠেছে মূত্রনালিতে সংক্রমণ। সে কারণেই গত মাসে কয়েক দিনের জন্য হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল এই কিংবদন্তি বক্সারকে। পরে কিছুটা সুস্থ হওয়ায় বাড়ি ফিরে যান। কিন্তু একই সমস্যা আবারও দেখা দেওয়ায় কাল তাঁকে আবারও হাসপাতালে যেতে হয়েছে।
অবশ্য আলীর পরিবারের মুখপাত্র জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষার পর গতকালই তাঁকে ছেড়ে দেওয়ার কথা চিকিৎসকদের। আজ ৭৩ বছরে পা দেবেন সর্বকালের সেরা বক্সার। সুস্থ অবস্থায়ই পরিবারের সঙ্গে তিনি জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন বলে আশা তাঁর পরিবারের। শুধু তাঁর পরিবারই নয়, বিশ্বব্যাপী সমর্থকেরাও সুস্থতা কামনা করছে কিংবদন্তি বক্সারের। এএফপি।