জন্মদিনের উপহারটা নিজেকেই দিন না তামিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে কি উপহার অপেক্ষা করছে তামিমের জন্য? ছবি: প্রথম আলো
জন্মদিনে কি উপহার অপেক্ষা করছে তামিমের জন্য? ছবি: প্রথম আলো

১৯ মার্চ, ২০১১। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নে বিভোর গোটা দেশ। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে সাকিব-তামিমদের বলে দিল, কোয়ার্টার ফাইনালে যেতে হলে তোমাদের করতে হবে ২৮৫। ‘২৮৫ হবে না?’—আস্থা-অনাস্থার দোলাচলে দুরুদুরু বুকে সবার চোখ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। না, হলো না; সব স্বপ্ন হাওয়াই মিঠাইয়ের মতো মিরপুরের বাতাসে মিলিয়ে গেল মুহূর্তেই! বাংলাদেশ অলআউট ৭৮ রানে!
পরের দিন ২০ মার্চ, তামিম ইকবালের জন্মদিন। তামিমের কেমন কেটেছিল সেই জন্মদিন? হতাশা-কষ্টজর্জর মনের দেয়ালে কি এতটুকু আনন্দের ঢেউ তুলতে পেরেছিল? তিন বছর পর ফের ২০ মার্চ, ২৫তম জন্মদিন। আবারও ঘরের মাঠে আরেকটি বিশ্বকাপ। সেই একই স্বপ্ন, সেই একই আশা। হয়তো সেবারের মতো কোয়ার্টার ফাইনাল নয়, তবে অনেকটা তা-ই। বাংলাদেশ ‘সুপার টেনে’ পা রাখবে যদি...। অবশ্য ‘যদি’টা এ স্বপ্ন বাস্তবায়নে বড় কোনো দেয়াল হওয়ার কথা নয়। ‘যদি’টার নাম যে হংকংয়ের মতো নবীনতম এক দল।
২০১১ সালের জন্মদিনটা ‘খারাপ’ গেলেও তামিমের জন্য কিন্তু ২০ মার্চ কিংবা এর আগের-পরের দিনগুলো যথেষ্টই পয়া। টেস্ট-ওয়ানডে উভয় সংস্করণেই এ সময় অনেকগুলো দারুণ ইনিংস বেরিয়েছে তামিমের ব্যাট থেকে। ২০১০ সালের ১৩ মার্চ, চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করলেন ৮৬। ওই বছরের ২০ মার্চ, জন্মদিনে একই দলের বিপক্ষে প্রথম ইনিংসে করলেন ৮৫ (দ্বিতীয় ইনিংসেও এল ৫২)। ১৮ মার্চ ২০১৩, কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে করলেন ৫৯।
ওয়ানডের খেরোখাতাও বলছে, তামিম জন্মদিন উদযাপনে বেশ পারঙ্গম। ১৭ মার্চ, ২০০৭, ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে সেই মহাকাব্যিক জয়। সেদিন ডাউন দ্য উইকেটে বেরিয়ে জহির খান-আগারকারদের তামিমের উড়িয়ে মারার সে অনপনেয় দৃশ্য কি ভোলা যায়! ওই ম্যাচে তামিমের ব্যাটে এসেছিল ৫১ রান। ২০ মার্চ, ২০০৮, মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৬। একই দলের বিপক্ষে ২২ মার্চ ১২৯ রানের দুর্দান্ত ইনিংস। ২০ মার্চ ২০১২, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯। উল্লিখিত সবগুলো ওয়ানডে ম্যাচই জিতেছে বাংলাদেশ।
পরিসংখ্যান বলছে, টেস্ট ও ওয়ানডেতে জন্মদিন কিংবা এর আশপাশের সময়গুলোয় দারুণ ঝলকে ওঠে তামিমের ব্যাট। কিন্তু টি-টোয়েন্টিতে জন্মদিনে তামিমের বলার মতো কোনো ইনিংস নেই। তাহলে এ সংস্করণে ব্যক্তিগত দিবসে অদ্ভুত জড়তায় কি পেয়ে বসে তাঁকে? না, তা নয়। টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচ খেলা তামিমের যে কখনোই জন্মদিনে মাঠে নামা হয়নি। অদ্ভুতাশ্চর্য হলেও সত্য, ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণে এবারই প্রথম জন্মদিনে মাঠে নামছেন তামিম। তা-ও আবার এমন সময়, যখন গোটা দেশ স্বপ্নের মায়াঞ্জন এঁকে তাকিয়ে চট্টগ্রামের ম্যাচটির দিকে। পারবেন তিনি আশার প্রতিদান দিতে? কেন নয়? কবি জয় গোস্বামী তো বহু আগেই বলেই দিয়েছেন, ‘অসাধ্য নয়, কিছুই এখন/ অসাধ্য নয় তোমার পক্ষে’। কবির এ পঙক্তি কি ছোঁয় তামিমকে?