জন্মভূমি নয়, স্পেনকেই বেছে নিলেন কস্তা

জন্মভূমি ব্রাজিল না স্পেন? শেষ পর্যন্ত জন্মভূমিকে ছেড়ে স্পেনকেই বেছে নিলেন ডিয়েগো কস্তা। ব্রাজিলীয় ফুটবল ফেডারেশনের মহাসচিবকে চিঠি দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড নিশ্চিত করেছেন, স্পেন জাতীয় ফুটবল দলের হয়েই খেলতে চান তিনি। আজ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে।
কস্তার জন্ম ব্রাজিলে, বেড়ে ওঠাও সেখানে। হলুদ-নীল জার্সি গায়ে দুটি ম্যাচও খেলেছেন। কিন্তু স্পেনের নাগরিকত্ব পাওয়ার পরই কস্তা আভাস দেন, খেলতে চান লা রোজাদের হয়ে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হতে চলেছে। কস্তা স্পেনের হয়ে এখনই খেলতে পারছেন না নিয়মতান্ত্রিক কিছু জটিলতার কারণে। তবে সুযোগটা যে শিগগিরই আসবে, সেটা নিশ্চিত। তবে ২৫ বছর বয়সী কস্তাকে নিয়ে ব্রাজিল ও স্পেনের মধ্যে টানাটানি থেমে নেই।
নাড়ির টান ভুলে ডিয়েগো কস্তা যখন স্পেনের হয়ে খেলার পরিকল্পনা নিচ্ছেন, সেই সময় তাঁর জন্মভূমি ব্রাজিল বেঁকে বসেছে। দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকারকে কে হারাতে চায়? ব্রাজিলে জন্মানো কস্তার স্পেনের হয়ে খেলার আনুষ্ঠানিক আবেদন ফিফার কাছে পৌঁছানোর পরও গত সপ্তাহে তাঁকে ব্রাজিল দলে রাখেন লুইস ফেলিপে স্কলারি।
ব্রাজিলের হয়ে সুযোগ পাচ্ছিলেন না বলেই কস্তা স্পেনকেই বেছে নেন। লা লিগার এবারের মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা (১০ ম্যাচে ১১ গোল) কস্তা স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ককে জানিয়ে রেখেছেন, স্পেনের হয়ে খেলতে তিনি প্রস্তুত। তবে বেঁকে বসেছে ব্রাজিল। স্কলারি এর আগে স্পষ্ট জানিয়ে দেন, ব্রাজিলের কোচ হিসেবে ব্রাজিলের যেকোনো খেলোয়াড়কে দলে নেওয়ার আইনগত অধিকার তাঁর আছে। কথাটা যে এমনি এমনি বলেননি, সেটাই স্কলারি বুঝিয়ে দিয়েছেন ব্রাজিলের পরবর্তী দুটো প্রীতি ম্যাচে কস্তাকে দলে রেখে। আগামী ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে হন্ডুরাসের বিপক্ষে খেলবে ব্রাজিল। তিন দিন পর কানাডায় খেলবে চিলির বিপক্ষে। ব্রাজিলীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হোসে মারিও মারিনও জানিয়ে দিয়েছেন, কস্তা যেন স্পেনের হয়ে খেলতে না পারে, এ জন্য আইনগত সব ধরনের পদক্ষেপই নেবে ব্রাজিল।
স্ট্রাইকার-সংকটে ভুগতে থাকা দেল বস্ক নিশ্চয়ই খুশি হবেন কস্তাকে দলে পেলে। কিন্তু স্পেনের মতো স্ট্রাইকার-সংকটে না থাকলেও ব্রাজিল কেন তাদের এই অস্ত্রকে হাতছাড়া করবে? কেন সেই অস্ত্রকে তুলে দেবে আগামী বিশ্বকাপে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী স্পেনের হাতে? নিজের অবস্থানটা অবশ্য জানিয়ে দিয়েছেন কস্তা। এখন দেখার অপেক্ষা, ব্রাজিল তাঁর মতের বাইরে তাঁকে ধরে রাখতে পারে কি না। সূত্র: রয়টার্স