জন্মভূমিতে গোল
সুইজারল্যান্ডের বিপক্ষে যা করেছেন, তাতে এমনিতেই ইতিহাসে ঢুকে গেছেন মার্ক গঞ্জালেস। বিশ্বকাপে ৫৫১ মিনিট গোল না খেয়ে রেকর্ড গড়া সুইজারল্যান্ডের জালে বল ঢুকিয়েছেন চিলির ফরোয়ার্ড। রেকর্ড ভাঙা গোল করেছেন, ওই গোলেই জিতেছে দল, হয়েছেন ম্যাচ-সেরা। গঞ্জালেসের আনন্দের উপলক্ষ আছে আরও একটি, রেকর্ড ভাঙা গোলটি পেলেন তিনি জন্মভূমির মাটিতে! তাঁর জন্ম এই দক্ষিণ আফ্রিকারই ডারবানে, ১০ বছর বয়সেই যে শহর ছেড়ে চলে গিয়েছিলেন চিলিতে।উত্তর কোরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে যেমন খেলেছেন, তাতে গোল না পেলেও হয়তো ম্যাচ-সেরা হতেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের গোলবন্যার মূল কারিগর ছিলেন তো পর্তুগাল অধিনায়কই। আর হন্ডুরাসের বিপক্ষে স্পেনের দু গোলের দুটিই করে সেরা হয়েছেন ডেভিড ভিয়া।গতি আর ক্ষিপ্রতার জন্য দেশে গঞ্জালেসের ডাকনাম ‘স্পিডি গঞ্জালেস।’ সিএসকেএ মস্কোর ফরোয়ার্ড সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের অর্ধেকটা বেঞ্চে বসেই কাটিয়েছেন। একের পর এক আক্রমণেও গোল পাচ্ছিলেন না দেখে ৪৬ মিনিটে আর্তুরো ভিদালকে তুলে গঞ্জালেসকে মাঠে নামান চিলি কোচ মার্সেলো বিয়েলসা। ৭৫ মিনিটে এস্তেবান পারেদেজের ক্রসে মাথা ছুঁইয়ে দলকে এনে দেন কাঙ্ক্ষিত জয়।বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার রোনালদো খেলেছেন শুরু থেকেই। তবে প্রথমার্ধে মাঠে থেকেও ছিলেন না থাকার মতো। খুঁজে পাওয়া যায়নি তাঁকে। গোলে প্রথম কিক নিয়েছেন ৪১ মিনিটে, সেটিও উড়ে চলে গেছে গোলবারের অনেক ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাঁকে দেখা গেল সেই চিরপরিচিত বিধ্বংসী রূপে। গতি আর স্কিলে উত্তর কোরিয়ার ডিফেন্স ছত্রখান করে দিলেন, আর একের পর এক গোল পেতে থাকল সতীর্থরা। একপর্যায়ে মনে হচ্ছিল, দলের গোলের বন্যার মাঝেও কাটবে না তাঁর গোল-খরা। অবশেষে গোল পেলেন ৮৭ মিনিটে, বক্সের ভেতর আগুয়ান গোলকিপারকে কাটাতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। বল তাঁর পিঠে, ঘাড়ে ঘুরে পায়ে এসে পড়লে পোস্টে বল পাঠাতে ভুল করেননি। গোলের সঙ্গে নিশ্চিত করলেন টানা দু ম্যাচে ম্যাচ-সেরাও।শুধু অসাধারণ দুটি গোলই করেননি, হন্ডুরাসের বিপক্ষে ভিয়া খেলেছেনও দুর্দান্ত। পেনাল্টি মিস করার পরও তাই ম্যাচ-সেরা হওয়ায় তাঁর কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না।