জফের চোখে এগিয়ে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর ফিফা-ব্যালন ডি’অর কার হাতে উঠবে, সেটা নিয়ে জল্পনা-কল্পনা চলছে অনেক আগে থেকেই। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড করা লিওনেল মেসি দৌড়ে এগিয়ে। স্প্যানিশ মৌসুম ও ইউরো পারফরম্যান্স দিয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও নিজের নামটা তুলে এনেছেন। তবে এবারের ইউরোজয়ী স্পেনকে নেতৃত্ব দেওয়ায় ইকার ক্যাসিয়াসের নামটাও এখন বোদ্ধাদের মুখে মুখে। ইউরোতে দুর্দান্ত পারফরম্যান্স তো ছিলই, ক্লাবের হয়েও তিনি উজ্জ্বল। তিন মৌসুম পর রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ে দিয়েছেন নেতৃত্ব। ব্রাজিল কিংবদন্তি পেলে ক্যাসিয়াসকেই যোগ্যতম দাবিদার মনে করেন। স্পেন দলে ক্যাসিয়াসের সম্ভাব্য উত্তরসূরি ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়াও একই সুরে কথা বলেছেন। তবে ইতালিয়ান কিংবদন্তি দিনো জফ এঁদের সঙ্গে একমত নন। ইতালিকে ১৯৮২ বিশ্বকাপ জেতানো অধিনায়ক মনে করেন, মেসিকে টপকে ফিফা-ব্যালন ডি’অর জিততে পারবেন না ক্যাসিয়াস।ক্যাসিয়াসের সঙ্গে অনেক মিল আছে জফের, দুজনই গোলরক্ষক হিসেবে নিজ দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। স্প্যানিশ গোলরক্ষকের সঙ্গে তাঁর বিদ্বেষ আছে বা তাঁর অর্জনকে খাটো করে দেখছেন, ব্যাপারটা মোটেই এমন নয়। জফের চোখে, মেসি হলেন ফুটবলের শিল্পী। ক্যাসিয়াসকে গোলরক্ষক হিসেবে বিশ্বের অন্যতম সেরা মানতে একটুও দ্বিধা নেই জফের। তবে সবকিছু চুলচেরা বিচার করে মেসিকেই ঠাঁই দিচ্ছেন সবার ওপরে, ‘ক্যাসিয়াসকে এটা (ফিফা-ব্যালন ডি’অর) দিতে পারলে আমি খুশিই হব। কিন্তু সত্যি কথা বলতে কি, মনে হয় না এটা হবে। আমার মনে হয়, মেসিই আবার এটা জিতবে। আমার কাছে বিশ্বসেরা সে-ই, সে একজন শিল্পী।’রোনালদোর সঙ্গে দ্বৈরথেও আর্জেন্টাইন জাদুকরকে এগিয়ে রাখছেন জফ, ‘সে-ই সেরা এবং রোনালদোর সঙ্গে ব্যবধানটা তার খুবই কম। তারা বিশ্বের সেরা দুই খেলোয়াড়। এরপর অন্যরা—ক্যাসিয়াস, পিরলো, বুফন।’ নিজে গোলরক্ষক ছিলেন বলেই বোধহয় জানেন, এই পুরস্কার একজন গোলরক্ষকের পক্ষে পাওয়াটা একটু দুষ্কর। জফের কথা, ‘যেকোনো কিছুই সম্ভব। ১৯৭৩ সালে ইয়োহান ক্রুইফের পেছনে থেকে আমি দ্বিতীয় হয়েছিলাম। তবে মেসির পরে থেকে দ্বিতীয় হতে পারলে সেটাই হবে ক্যাসিয়াসের জন্য দারুণ অর্জন। আমি মনে করি, একজন গোলরক্ষকের জন্য ব্যাপারটা একটু ভিন্ন। আমি এটাও মনে করি, এই পুরস্কারটা বলের শিল্পীদের জন্যই।’ ওয়েবসাইট।