মাইকেল ক্লার্কের কণ্ঠে আকুতি। আর মিকি আর্থারের কণ্ঠে ক্ষোভ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের অসহায় আত্মসমর্পণ মানতেই পারছেন না অস্ট্রেলিয়ার কোচ। টিম মিটিংয়ে একহাত নিয়েছেন খেলোয়াড়দের। প্রশ্ন তুলেছেন দলের লক্ষ্য-চরিত্র-মানসিকতা নিয়ে। ছুড়ে দিয়েছেন কিছু প্রশ্ন, চেয়েছেন ত্বরিত জবাব। তবে উত্তরটা তিনি চান মাঠেই। আর্থারের আশা ওল্ড ট্রাফোর্ডে আজ শেষ ওয়ানডেতে জবাবগুলো দিতে পারবেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। চেস্টার লি স্ট্রিটের ওয়ানডে ৮ উইকেটে জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার জন্য এর চেয়েও অস্বস্তির ব্যাপার, প্রতিটি ম্যাচই তারা হেরেছে আগের ম্যাচের চেয়ে বাজেভাবে। আর্থার বলছেন, ওই ম্যাচ শেষে টিম মিটিংয়ে খোলামেলা আলোচনা হয়েছে, কথা হয়েছে ‘অস্বস্তিকর সব সত্য’ নিয়ে। এটির প্রতিফলন কোচ দেখতে চান আজকের ম্যাচে, ‘খুব ভালো একটা মিটিং হয়েছে দলের সঙ্গে, কঠিন ও শক্ত মিটিংও বটে। ক্রিকেটারদের আমি চ্যালেঞ্জ করেছি, এখন ওদের জবাবের অপেক্ষায় আছি। আমি দেখতে চাই মঙ্গলবার ওরা কীভাবে এর জবাব দেয়।’ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ও কদিন আগেই ভিবি সিরিজ জয়ী দল এতটা খারাপ করবে, মানতেই পারছেন না আর্থার, ‘আমি খুবই হতাশ এবং সত্যি বলতে স্তম্ভিত। সামর্থ্যের ধারেকাছেও খেলতে পারিনি আমরা। ইংল্যান্ডকে বিন্দুমাত্র চাপে ফেলার মতো কোনো পথ আমরা বের করতে পারিনি, এটাই সবচেয়ে বেশি হতাশাজনক এবং আমাকে ক্ষুব্ধ করে তুলছে।’অধিনায়ক ক্লার্কের মতো হারের জন্য কোনো অজুহাত দাঁড় করাননি আর্থারও। প্রস্তুতিতেও কোনো ঘাটতি দেখেননি অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকান কোচ, ‘প্রস্তুতি নিয়ে কোনো সমস্যা ছিল না। অবিশ্বাস্য রকমের ভালো ট্রেনিং হয়েছে আমাদের। প্রথম ওয়ানডের আগে আমার দেখা যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত ছিলাম আমরা। মাঠে নামার জন্য শতভাগ প্রস্তুত ছিলাম। সেই প্রস্তুতির ছাপ কেউ মাঠে রাখতে পারেনি, এটা খুবই হতাশাজনক।’অস্ট্রেলিয়ান গ্রীষ্মে ভারতকে গুঁড়িয়ে দিয়েছে এই দলটাই। আর্থার আজকের ওয়ানডেতে দলকে সেই চেহারায় দেখতে চান, ‘টিম মিটিংয়ে আমি শক্ত মানসিকতার কথা বলেছি, মাঠে অস্তিত্ব জানান দেওয়ার কথা বলেছি। যেমনটা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আমরা দেখিয়েছিলাম। শরীরী ভাষা ছিল দারুণ, ছিল লক্ষ্য-উচ্চাশা, খুনে মানসিকতা। ওয়ানডে দলে সেই মানসিকতা দেখতে পাচ্ছি না। ইংল্যান্ডকে অভিনন্দন, ওরা অসাধারণ খেলেছে। তবে এটাও মনে রাখতে হবে ওরা শুধু মৌলিক বিষয়গুলোই ঠিকমতো করছে, আমরা যা পারছি না।’আগামী বছরই অ্যাশেজ খেলতে আবার ইংল্যান্ডে ফিরবে অস্ট্রেলিয়া। এর আগে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে গেলে ক্লার্কের দলের জন্য তা হবে বড় একটা ধাক্কা। সিরিজের নিষ্পত্তি হয়ে যাওয়ার পরও তাই আজকের ম্যাচ মহাগুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য। চোট নিয়ে দেশে ফিরে গেছেন শেন ওয়াটসন ও ব্রেট লি। বিকল্প হিসেবে ডাকা হয়েছে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি খেলতে থাকা মিচেল স্টার্ককে। একটা স্বস্তির খবর, আজ সেরা একাদশের দু-একজনকে বিশ্রাম দিতে পারে ইংল্যান্ড। ওয়েবসাইট।