জবাব দিতে চায় ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডকে বেশ জোরেশোরে এক থাপ্পড় মেরেছে পাকিস্তান! পাকিস্তানের কেউ নন, এ কথা বলেছেন ইংল্যান্ডের উইকেটকিপার ম্যাট প্রায়র। পরাজয়ের গ্লানিতে কে-ই বা ডুবতে চায়, তবে কখনো কখনো পরাজয়ের মধ্যেও খুঁজে পাওয়া যায় ইতিবাচক দিক। প্রায়র খুঁজে পাচ্ছেন সেটাই। স্বপ্নের জগতে থাকা ইংল্যান্ডকে এক ধাক্কায় বাস্তবের জমিনে নামিয়ে এনেছে পাকিস্তান। এবার নাকি দেখা যাবে সত্যিকারের ইংল্যান্ডকে।র‌্যাঙ্কিংয়ে ১ নম্বররা ভালোই তেতে আছে, জানেন মিসবাহ-উল-হকও। তবে পাকিস্তান অধিনায়কও জানিয়ে দিয়েছেন, ‘আমরা প্রস্তুত।’ রোমাঞ্চকর লড়াইয়ের মঞ্চ সাজিয়ে প্রস্তুত আবুধাবি টেস্টও। তবে সব উত্তেজনায় জল ঢেলে দিতে পারে উইকেট। শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেট এমনই নিষ্প্রাণ যে, ম্যাচের মীমাংসা হওয়াই কঠিন। অ্যান্ড্রু স্ট্রাউস তো বটেই, দুবাইয়ে স্পিন-জাদুতে তিন দিনেই টেস্ট জেতা মিসবাহও বলছেন, ‘এই উইকেটে ২০ উইকেট নেওয়া কঠিন।’এর অবশ্য অন্য একটা দিকও আছে। দুই দলের বোলিং বৈচিত্র্য ও সামর্থ্যের চূড়ান্ত পরীক্ষা তো হবে এই উইকেটেই! আইজাজ চিমার বদলে আজ পাকিস্তানের একাদশে ঢুকতে পারেন বাঁহাতি পেসার জুনাইদ খান। সঙ্গে আজমল-রেহমান-গুলদের নিয়ে বৈচিত্র্যে এগিয়ে পাকিস্তানই। ইংল্যান্ডের একাদশে একটা পরিবর্তন আনতে হচ্ছে বাধ্য হয়েই। চোটের কারণে ট্রেমলেটের না খেলাটা একরকম নিশ্চিতই। তবে পরীক্ষিত সমন্বয় ভাঙছে না ইংল্যান্ড। বাঁহাতি স্পিনার মন্টি পানেসার নন, একাদশে ঢোকার সম্ভাবনা বেশি পেসার গ্রাহাম অনিয়নসের। উইকেট আর পাকিস্তানি ব্যাটসম্যানদের ধৈর্যশীল ব্যাটিংয়ের সাম্প্রতিক ইতিহাস বলছে, বড় পরীক্ষাই অপেক্ষা করছে ইংলিশ বোলারদের জন্য।ইংলিশ ব্যাটসম্যানদের পরীক্ষাটা আরও কঠিন। পরীক্ষার নাম—সাঈদ আজমল। দুবাইয়ে এই অফ স্পিনারের বৈচিত্র্যে রীতিমতো দিশেহারা মনে হয়েছে তাঁদের। স্পিনে ইংল্যান্ডের সেরা বলে বিবেচিত ইয়ান বেলকে দুই ইনিংসেই বোকা বানিয়েছেন দারুণ দুসরায়। আজমল-রহস্যের জাল দ্রুত না ছিঁড়তে পারলে আরেকটি হার হয়তো অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। আরেকটি হার মানে সিরিজ হার, যে তিক্ত স্বাদ পায়নি তারা সর্বশেষ নয় সিরিজে। পাকিস্তানের সবচেয়ে বড় অনুপ্রেরণাও এটা। অনেক অসম্ভবই সম্ভব করে চলেছে মিসবাহর পাকিস্তান। এবার কি ইংল্যান্ড-বধের পালা? ওয়েবসাইট।