জবাব দিয়ে ফোরামের পাল্টা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্কাটা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের মধ্যে শুরু থেকেই ছিল। এখন নাকি সে শঙ্কাই সত্যি প্রমাণিত হচ্ছে! কাল পুরোনো জাতীয় ক্রীড়া পরিষদের ভবনে সংবাদ সম্মেলন করে তাঁরা অভিযোগ করলেন, বিসিবির জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়নে হস্তক্ষেপ করছেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান। আর এই হস্তক্ষেপটা তিনি করছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবদুল মালেকের মাধ্যমে।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সংগঠন ফোরামের মহাসচিব আশিকুর রহমান বলেছেন, ‘আমাদের শঙ্কা ছিল ক্ষমতায় থাকলে তাঁরা নির্বাচনকে প্রভাবিত করবেন। সেটাই সত্য প্রমাণিত হচ্ছে। জেলা প্রশাসকদের ফোন করে কাউন্সিলরের নাম পাঠানোর জন্য বলা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।’ পরে যোগ করেছেন, ‘প্রধানমন্ত্রীর পিএস মালেক সাহেব ফোন করেছেন। আমরা এটা জেলা প্রশাসকদের কাছ থেকে জেনেছি। তবে প্রধানমন্ত্রী এটা জানেন না।’ বিসিবির কাউন্সিলর মনোনয়নে আবদুল মালেকের সম্পৃক্ততার ‘ব্যাখ্যা’ দিতে চাইলেন ফোরামের সভাপতি ইউসুফ জামিল, ‘লোকমান (বিসিবির বর্তমান অস্থায়ী কমিটির সদস্য), পাপন (বিসিবির সভাপতি নাজমুল হাসান) ও মালেক সাহেব একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।’ ইউসুফ জামিলের জেলা কুমিল্লা ছাড়াও জামালপুর, ফেনী, বরগুনা, শরীয়তপুর, হবিগঞ্জসহ মোট ২২ জেলায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ রকম ফোন গেছে বলে অভিযোগ তাঁদের।
কাউন্সিলরদের নাম চেয়ে ১২ আগস্ট সব ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় চিঠি পাঠানোর কথা থাকলেও এখনো তা পাঠায়নি বিসিবি। গুঞ্জন আছে, আগের মতো চিঠি না পাঠিয়ে এবার নির্দিষ্ট ফরমের মাধ্যমে কাউন্সিলরদের নাম সংগ্রহ করা হবে। কাউন্সিলর মনোনয়ন নিয়ে নিয়মভঙ্গের শঙ্কা সে কারণেই। ‘কাউন্সিলরের নাম পাঠানোর চিঠি যাবে ডিএসএ সভাপতির কাছে, জেলা প্রশাসকের কাছে নয়। গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি হিসেবে তিনি কার্যনির্বাহী পরিষদের মিটিং ডেকে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই’—বলেছেন ফোরামের মহাসচিব। তার পরও সে রকম কিছু হলে ইউসুফ জামিলের হুমকি, ‘আমাদের সভা ছাড়া ডিসিরা নাম দেবেন না। প্রধানমন্ত্রী খেলা ভালোবাসেন। স্পষ্ট করে বলেছেন, তিনি কারও পক্ষে নন। ওই কর্মকর্তা আবারও এসব কাজ করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
সাম্প্রতিক সময়ে ফোরাম ও ফোরামের কর্মকর্তাদের নিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসানের বিভিন্ন মন্তব্যেরও জবাব দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। আশিকুর রহমানের ভাষায়, ‘বিসিবির সভাপতি বলেছেন অনেক জেলাতেই নাকি ক্রিকেট হয় না। এ রকম দায়িত্বপূর্ণ পদে থেকে তাঁর আরও জেনেশুনে কথা বলা উচিত। বিসিবির রেকর্ডপত্র ঘাঁটলেই বুঝবেন কোথায় কোথায় খেলা হচ্ছে।’ এ প্রসঙ্গে নিজ জেলার উদাহরণ টেনেছেন ফোরামের সভাপতি ইউসুফ জামিল, ‘কুমিল্লায় এবার যত খেলা হয়েছে, তত খেলা বিসিবিও করতে পারেনি। নিয়মিত খেলার বাইরে আমরা আন্তকলেজ টি-টোয়েন্টি টুর্নামেন্টও করেছি, ভবিষ্যতে যা ঢাকা এবং সিলেটেও ছড়িয়ে দেওয়া হবে। শুধু বৃষ্টির কারণে বিসিবির কিছু খেলা করতে পারিনি।’ তাঁর দৃষ্টিতে বিসিবির সভাপতি হিসেবে নাজমুল হাসান ‘অনভিজ্ঞ’, ‘ক্লাব খেলে বছরে একটা খেলা, আর জেলা খেলে সাত-আটটা খেলা। খেলতে খেলতে আমরা টায়ার্ড হয়ে যাই। বিসিবির সভাপতির কোনো হিসাব-নিকাশই নেই এসব সম্পর্কে। তিনি অনভিজ্ঞ বোর্ড সভাপতি।’
ফোরাম ও ফোরামের নেতাদের সম্পর্কে নাজমুলের বক্তব্যকে ‘অশোভন’ উল্লেখ করে আশিকুর রহমানের পাল্টা প্রশ্ন, ‘ফোরাম যদি এতই নিন্দনীয় হবে, তাহলে উনি কেন আমাদের সঙ্গে পাঁচটা মিটিং করলেন? এক পাশে সভাপতি ইউসুফ জামিল, অন্য পাশে আমাকে বসিয়ে মিটিং করেছেন। ফোরাম খারাপ হলে কেন এসব করেছেন?’
কোনো ফেডারেশনের নির্বাচন এলেই ফোরাম তৎপর হয়ে ওঠে, মেতে ওঠে টাকার খেলায়—এমন অভিযোগেরও জবাব দিয়েছেন নেতারা। ইউসুফ জামিল চ্যালেঞ্জ দিলেন, ‘কুমিল্লা শহরে আমার ৮-১০টা বাড়ি। যে বাড়িতে আমি থাকি, সেটার দাম ৫০ কোটি টাকা। আমি এমন শিক্ষা পাইনি যে টাকা নিয়ে কাজ করব। প্রমাণ দেখান। যদি প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমিসহ সবাই এখনই পদত্যাগ করতে রাজি আছি।’ একই দাবি আশিকুর রহমানেরও, ‘দাবা-হকির নির্বাচনে আমাদের আর্থিক সম্পৃক্ততা কেউ প্রমাণ করতে পারবে না। ওনাদের উচিত আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড জেনে কথা বলা।’
সংবাদ সম্মেলনে দুটি দাবির কথাই বারবার বলেছেন ফোরামের নেতারা। জেলা ও বিভাগ থেকে বিসিবির ১০ পরিচালক যেন জেলা ও বিভাগের ৭১টি ভোটে নির্বাচিত হন। এ ছাড়া বিসিবির কাউন্সিলর আসতে হবে ডিএসএর ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ থেকে। এর আগে এসব দাবি পূরণের আশ্বাস দিলেও নাজমুল হাসান প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে অভিযোগ ফোরামের সভাপতির।
বিসিবির সভাপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাজমুল হাসানের সঙ্গে আছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। নির্বাচনে ফোরাম সাবের হোসেন চৌধুরীকেই সমর্থন দেবে কি না, সেটি নিশ্চিত না করলেও ইউসুফ জামিল নিশ্চিত করলেন, ‘একটা কথা ঠিক—আমরা পাপন সাহেবকে সমর্থন দেব না।’