জবাব দিলেন রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সেরা বোলিং করেই টেস্ট দল থেকে বাদ পড়ার জবাব দিলেন আবদুর রাজ্জাক। কাল সিলেটে বরিশালের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে খুলনার পক্ষে ১২৩ রানে ৮ উইকেট নিয়েছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার। তবে মজার ব্যাপার হলো, যিনি গত জাতীয় লিগে পেয়েছিলেন সেরা বোলারের পুরস্কার, সেই সোহাগ গাজী খুলনার বিপক্ষে তাঁর দল বরিশালকে বাঁচিয়েছেন ব্যাট হাতে। ক্যারিয়ার-সেরা ১৪০ রান করেছেন এই অফ স্পিনার।সোহাগ যখন ব্যাটিংয়ে আসেন, বরিশাল তখন ১১৭ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছে। এরপর ১৫৭ রানেই নেই ৭ উইকেট। সেখান থেকে ইসলামুলকে সঙ্গী করে অষ্টম উইকেটে যোগ করেন ৮৬ রান, শেষ উইকেটে কামরুলের সঙ্গে আরও ৪৯, যার ৩৫-ই তাঁর। মাত্র ৯৯ বলে ১৪০ করার পথে ২০টি চার ও ৩টি ছয় মেরেছেন এই অফ স্পিনার। দলীয় সংগ্রহও ছাড়িয়েছে ৩০০। ব্যাটিংয়ের পর বল হাতেও খুলনার একমাত্র উইকেটটি নিয়েছেন সোহাগ।ক্যারিয়ারের প্রথমবারের মতো ইনিংসে ৮ উইকেট পেলেন রাজ্জাক। এর আগে ২০০৩-০৪ মৌসুমে সিলেটের বিপক্ষে মাত্র ১১ রানে পাওয়া ৭ উইকেট ছিল তাঁর সেরা। জাতীয় লিগে অথবা বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেট সেরা বোলিংয়ের রেকর্ডটি অল্পের জন্য করতে পারেননি রাজ্জাক। ২০০৪-০৫ মৌসুমে চট্টগ্রামের বিপক্ষে বরিশালের হয়ে ১০৫ রানে ৯ উইকেট পেয়েছিলেন জাতীয় দলের সাবেক স্পিনার মোশাররফ হোসেন।টেস্ট দল থেকে বাদ পড়ার আক্ষেপ নেই রাজ্জাকের। তবে চেয়েছিলেন নিজের সেরাটা দেখাতে। প্রথম সুযোগেই সেটা করতে পেরে তৃপ্তিই ঝরেছে তাঁর কণ্ঠে, ‘এটা খুব বড় অর্জন। নিজেকে প্রমাণ করতে পেরে খুব ভালো লাগছে। এটা আমার আত্মবিশ্বাস আরও বাড়াবে।’রাজশাহীতে দুই ঢাকার ম্যাচে প্রথম দিনে উইকেট পড়েছে ১৮টি। ঢাকা বিভাগকে ১৩২ রানে অলআউট করেও স্বস্তিতে নেই মেট্রো। ১০২ রানেই যে ৮ উইকেট নেই আশরাফুলের দলের। জাতীয় দল থেকে বাদ পড়া আশরাফুল করেছেন মাত্র ১৫। মেট্রোর পেসার আরাফাত নিয়েছেন ৫ উইকেট।বগুড়ায় শেষ জুটিতে দেলোয়ার ও সাকলাইনের ৬১ রানের সুবাদে ২০৬ করেছে রাজশাহী। নবাগত রংপুরের উইকেটরক্ষক ধীমান ঘোষ নিয়েছেন ৫টি ক্যাচ। অন্য ম্যাচে বিকেএসপিতে চট্টগ্রামের বিপক্ষে ৬ উইকেটে ১৯৮ রান করেছে সিলেট। অসমাপ্ত সপ্তম উইকেট ৫৯ রান করেছেন গোলাম মাবুদ ও তাপস বৈশ্য।