জবাব পাল্টা জবাব চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়ে গেছে, এবার সম্ভবত চলতেই থাকবে। কথার লড়াইয়ে এবার যোগ দিলেন রিকি পন্টিং। পরশু সংবাদ সম্মেলনে জহির খান বলেছিলেন, ‘পন্টিং এখন অনেকটাই শ্রমিক শ্রেণীর ব্যাটসম্যান, আগের সেই ছন্দ নেই।’ কাল পন্টিং বললেন, একই কথা টেন্ডুলকার-দ্রাবিড়-ক্যালিসদের নিয়েও বলা যায়। সঙ্গে এটাও যোগ করেছেন, জহিরকে নিয়ে সামান্যতম ভাবনাও নেই তাঁর। আর অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত ভারতীয় দলে অন্তঃকলহের খবর উড়িয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়।কথার লড়াইয়ের সূত্রপাত অস্ট্রেলিয়ান একটি রেডিওতে করা ব্র্যাড হাডিনের মন্তব্যের সূত্র ধরে। অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক বলেছিলেন, কোনো কিছু নিজেদের পরিকল্পনা মতো না হলে বিশ্বের সবচেয়ে ভঙ্গুর দল হলো ভারত। জবাবে জহির বলেছিলেন, ‘হাডিনের উইকেটকিপিংই বরং ভঙ্গুর, ওর উচিত সেদিকে মন দেওয়া।’ ওই সংবাদ সম্মেলনেই এক প্রশ্নের জবাবে পন্টিংকে নিয়ে এই মন্তব্য করেছিলেন ভারতের বোলিং আক্রমণের নেতা।ব্যাটিংয়ের মতো পন্টিংয়ের কথারও বেশ ‘সুনাম’ ছিল একসময়। সাম্প্রতিক সময়ে সেটা অনেকটা কমে গেলেও জহিরের এই কথা তো আর হজম করতে পারেন না! ‘একটা কথার অনেকগুলো দিক আছে। জহির যা বলেছে, সেটা শচীনকে নিয়েও বলা যায়, বছরের পর বছর ও যেভাবে রান করেছে! কিংবা বলা যায় ক্যালিস বা দ্রাবিড়কে নিয়েও। এভাবে খেলেই ওরা ধারাবাহিকভাবে রান করেছে। গত কয়েক মাসে নিজের খেলা নিয়ে আমি অনেক কাজ করেছি। গত কয়েক ইনিংসে আমার রানই বলবে পরিশ্রমে কাজও হয়েছে। জহির বা অন্য কাউকে নিয়ে আমার ভাবনা নেই। আমি জানি, দলের জন্য আমাকে কী করতে হবে।’দুই দলের কথার লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবর। অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি শীর্ষস্থানীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে ভারতীয় দলে অন্তঃকলহের খবর। দল নাকি এখন ‘ধোনি গ্রুপ’ আর ‘শেবাগ গ্রুপে’ বিভক্ত। আর সিনিয়রদের সামনে ভয়ে কুঁকড়ে থাকেন জুনিয়ররা। সিনিয়রদের একজন, রাহুল দ্রাবিড় অবশ্য কাল উড়িয়ে দিলেন ওসব খবর, ‘দল খারাপ করলে সবাই হাজারো সমস্যা খুঁজে পায়। যেসব শোনা যাচ্ছে, তার কোনো সত্যতা নেই। দলের স্পিরিট এখন দারুণ।’বরাবরই বিতর্কের বাইরে থাকতে ভালোবাসেন। ব্যতিক্রম নন এবারও। ‘হাডিনের মন্তব্য ভারতকে উদ্বুদ্ধ করবে কি না’ এমন কৌশলী প্রশ্নের জবাবেও তাই নিখুঁত ফরোয়ার্ড ডিফেন্স করলেন দ্রাবিড়, ‘এটা নিয়ে (হাডিনের মন্তব্য) আমরা মোটেও বিচলিত নই। মাঠের ক্রিকেটের খুব গুরুত্বপূর্ণ পাঁচটি দিন আমাদের সামনে আছে, অন্য কিছু নিয়ে ভাবার অবকাশ আসলে নেই। আর নিজেদের অনুপ্রাণিত করার জন্য কারও মন্তব্যের প্রয়োজন নেই। আমরা ওতে একটুও বিচলিত নই।’ ওয়েবসাইট।