জবাবটা আমি মাঠেই দিই: রোনালদো

হোসে মরিনহোর মন্তব্যটা তিতকুটে এক স্বাদ এনে দিয়েছে তাঁকে। বিস্বাদ হয়ে আছে জিভটা। কিন্তু সেই জিভের ধার দিয়েই মরিনহোকে কাটতে চাননি। চেয়েছেন মাঠেই এমন কিছু করতে, যেন নিজের কথা নিজেকেই গিলতে হয় স্পেশাল ওয়ানকে। আর সেই চ্যালেঞ্জে দারুণভাবে উতরে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এখন বলছেন, মাঠের বাইরে নয়, কথা যা বলার মাঠেই বলতে চান। সেটা মুখ দিয়ে নয়, বুট দিয়ে।
পরশু রোনালদোর জোড়া গোলে মরিনহোর চেলসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মাত্রই কদিন আগে যে মরিনহো স্বদেশি রোনালদোকে বিব্রত করেছিলেন এই বলে, ‘আসল রোনালদো’ পর্তুগালের নন, ব্রাজিলের! মরিনহোর মুখোমুখি হয়েই দুর্দান্ত খেলে তার পাল্টা জবাব দেওয়ার পর রোনালদো সাংবাদিকদের বলেছেন, ‘আমি আমার জবাব দেওয়ার কাজটা মাঠেই করতে ভালোবাসি। মাঠের বাইরে কী হলো, তা নিয়ে মাথা ঘামাই না। আমি শুধু রিয়ালকে সাহায্য করতে চাই এর লক্ষ্য পূরণের জন্য। এর বাইরে যা কিছু ঘটছে তা আমাকে স্পর্শ করে না।’