জভোনারেভার সামনে ‘সেরেনা-পরীক্ষা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই বছর উইম্বলডনে মেয়েদের ফাইনালে কোর্টের দুই পাশে ছিলেন দুই বোন ভেনাস আর সেরেনা উইলিয়ামস। একটু পরপরই টেলিভিশন ক্যামেরা ঘুরে যেত গ্যালারিতে বসা তাঁদের মা ওরাসিন উইলিয়ামসের উদ্বিগ্ন চেহারার দিকে। কোয়ার্টার ফাইনালে ভেনাস বিদায় নেওয়ায় সমর্থনের ব্যাপারে আজকের ফাইনালে কোনো আপস করতে হবে না তাঁকে। কিন্তু ১০ বছরের ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা ভেরা জভোনারেভাকে সামলাতে কি বেশি হিমশিম খেতে হবে সেরেনাকে?কাগজে-কলমে ফেবারিট সেরেনাই। পরিসংখ্যানও বলছে সেটাই—এ পর্যন্ত ৭ বার দেখা হয়েছে সেরেনা-জভোনারেভার। ৫টিতেই জিতেছেন সেরেনা। একবার ওয়াকওভার দিয়েছিলেন জভোনারেভা।লড়াইটা র‌্যাঙ্কিং শীর্ষের সঙ্গে ২১ নম্বরের। তবুও অতি-আত্মবিশ্বাসী হতে চান না সেরেনা। চতুর্থ উইম্বলডন শিরোপা জেতার পথে বাধাও হতে পারে এটা। প্রতিপক্ষকে মোটেও খাটো করে দেখছেন না ১২টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘কাগজে-কলমে হয়তো আমিই জিতব। তবে ভেরার বিপক্ষে এর আগে অনেকবার খেলেছি। ও বেশ কজন ভালো খেলোয়াড়কে হারিয়েছে।’ফাইনালে নাদাল: গত মাসে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। এবার উঠে গেলেন উইম্বলডনের ফাইনালেও। রাফায়েল নাদালের বৃহস্পতি এখন তুঙ্গে। কাল সেমিফাইনালে ৬-৪, ৭-৬ (৮/৬), ৬-৪ গেমে অ্যান্ডি মারেকে হারিয়েছেন স্প্যানিয়ার্ড তারকা। আগামীকাল ফাইনালে নাদালের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। এএফপি।