জমছে না কথার লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় মাঠের চেয়ে তাঁদের মাঠের বাইরের লড়াইটাই উত্তাপ ছড়াত বেশি। স্যার অ্যালেক্স ফার্গুসন, হোসে মরিনহো ও আর্সেন ওয়েঙ্গার সুযোগ পেলেই কথার হুলে ফোটাতেন একে অন্যকে।সেই রাম নেই, অযোধ্যাও নেই। ফার্গি অবসরে, তাঁর জায়গায় এসেছেন ডেভিড ময়েস। ইতালি ও স্পেন ঘুরে মরিনহো আবার ফিরে এসেছেন পুরোনো ক্লাব চেলসিতে। ওয়েঙ্গার অবশ্য বহাল তবিয়তেই আছেন। তবে তাঁকেও এখন অনেক মৃদু আলোর মতো মনে হয়।এই মৌসুমেই ওয়েইন রুনিকে নিয়ে কথার খেলাটা বেশ জমেছিল মরিনহো-ময়েসের মধ্যে। ময়েস তো বলেইছিলেন ‘মনস্তাত্ত্বিক’ খেলার জন্য তিনি তৈরি। কিন্তু এখন মনে হচ্ছে, মাঠের বাইরের লড়াইটা খুব জমবে না। ইউনাইটেডের নতুন কোচ এখন বলছেন তাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। ২০০৮ সালে চেলসি থেকে মরিনহো বিদায় নেওয়ার পর ময়েস তাঁকে চিঠি পাঠিয়েছিলেন বলেও দাবি করেছেন। সেই প্রসঙ্গ টেনেই বললেন, ‘মরিনহো দারুণ একজন ম্যানেজার। প্রিমিয়ার লিগে তিনি খুবই ভালো করেছেন। মানুষ যেমন বলছে, তেমনটা আসলে নয়। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।’ ময়েস-মরিনহোর খেলা না হয় জমল না, কিন্তু ওয়েঙ্গারের সঙ্গে মরিনহোরটা কি জমবে? সেই সম্ভাবনাও তো কমে যাচ্ছে। একসময় ওয়েঙ্গারকে ‘বিকারগ্রস্ত’ বলেছিলেন মরিনহো। সেই মরিনহোর কণ্ঠেই এখন উল্টো কথা, ‘তিনি (ওয়েঙ্গার) দারুণ একজন মানুষ। আমি তাঁকে সব সময় শ্রদ্ধা করে এসেছি এবং করে যাব।’ তবে প্রিমিয়ার লিগের খেলা এখনো মাঠে গড়ায়নি। খেলা শুরু হলে শিরোপা লড়াইয়ের ঝাঁজ কোথায় যায়! ওয়েবসাইট।