জমছে না মেসি-নেইমার!

কত কিছুই বলা হয়েছিল। লিওনেল মেসি-নেইমার যুগলবন্দীতে চোখে মায়াঞ্জন বোলাবে বার্সেলোনা, দুর্দান্ত সব আক্রমণে ছিঁড়েখুঁড়ে ফেলবে প্রতিপক্ষকে। কিন্তু দুজনে প্রত্যাশা মেটাতে পেরেছেন কমই। লা লিগায় এখন পর্যন্ত মেসি-নেইমারের গোলের সংখ্যা মাত্র ২২।
জেরার্ডো মার্টিনোর জন্য ব্যাপারটা খানিক অস্বস্তিকরই। বার্সেলোনা কোচ বলছেন, ‘এই মৌসুমে চোটের জন্য মেসি ও নেইমার খুব বেশি সময় একসঙ্গে খেলতে পারেনি। যতক্ষণ একসঙ্গে খেলেছে, ততক্ষণ ভালো সমন্বয়ই ছিল ওদের মধ্যে। কিন্তু সাম্প্রতিক সময়ে মাঠে ওদের বোঝাপড়া সেভাবে হয়নি।’ এরপর দুই তারকার পাশে দাঁড়ালেন মার্টিনো, ‘একজন বিশ্বসেরা খেলোয়াড়। অন্যজন তার পরেই। এটা মানলেও সব সময় ওদের দুর্দান্ত বোঝাপড়া হবে, তেমন নিশ্চয়তা আপনি দিতে পারবেন না।’
ম্যানচেস্টার সিটির বিপক্ষে আজ আবার দুজনকে দেখা যাবে একসঙ্গে। তবে মার্টিনো সতর্ক করে দিচ্ছেন শিষ্যদের, ‘কাল (আজ) সিটি অন্য দল নিয়ে নামবে। সার্জিও আগুয়েরো খুবই বিপজ্জনক। উদ্বিগ্ন হওয়ার মতো আরও খেলোয়াড় আছে ওদের।’ ওয়েবসাইট।