জমজমাট দুই নম্বরের লড়াই
টেস্ট ‘জ্যাকপটের’ লড়াইটা এখনো খানিকটা উন্মুক্ত। ফেবারিট এখনো ইংল্যান্ড, তবে সম্ভাবনা আছে দক্ষিণ আফ্রিকারও। কিন্তু ওয়ানডেতে ‘জ্যাকপট’ প্রায় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকটা এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার ১ এপ্রিল পর্যন্ত শীর্ষে থাকা মোটামুটি নিশ্চিত। তবে জমে উঠেছে ওয়ানডেতে দুই নম্বরের লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার। খুব একটা পিছিয়ে নেই ইংল্যান্ডও। প্রতিবছরের ১ এপ্রিল টেস্ট-ওয়ানডের শীর্ষে থাকা দলকে ১ লাখ ৭৫ হাজার ডলার প্রাইজমানি দেয় আইসিসি। দুইয়ে থাকা দল পায় ৭৫ হাজার ডলার। টেস্টের এক নম্বর দল ইংল্যান্ডের শীর্ষস্থান শঙ্কায় পড়ে গেছে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ায়। ইংলিশদের পয়েন্ট এখন ১১৮, দক্ষিণ আফ্রিকার ১১৭। ৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেই ইংল্যান্ডকে টপকে যাবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে ১২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ভারত ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১৬, তবে দশমিকের ব্যবধানে দুইয়ে আপাতত ভারত। অস্বাভাবিক কিছু না হলে ১ এপ্রিল পর্যন্ত শীর্ষেই থাকবে মাইকেল ক্লার্কের দল। ২ নম্বর নিয়ে হতে পারে অনেক ওলটপালট। আগামীকাল থেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়ায় সিবি সিরিজে খেলছে ভারত। এই টুর্নামেন্টের আরেক দল শ্রীলঙ্কা এখন ১১৩ পয়েন্ট নিয়ে রয়েছে র্যাঙ্কিংয়ের চারে। এই দুই সিরিজের ফলাফলের ওপর নির্ভর করবে দুই নম্বরে কে থাকছে। ১ এপ্রিলের আগে ইংল্যান্ডের আর ওয়ানডে নেই। তবে অন্যদের ফলাফলের মারপ্যাঁচে দুইয়ে ওঠার সামান্য একটা সম্ভাবনা আছে তাদেরও। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে তারা পেয়েছে ৫ পয়েন্ট, মোট ১১১ পয়েন্ট নিয়ে আপাতত আছে পাঁচে। সব মিলিয়ে ওয়ানডেতে দুই নম্বরের লড়াইটাই এখন সবচেয়ে জমজমাট। ওয়েবসাইট।