জমজমাট ফাইনালের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্ট শুরুর আগে এশিয়া কাপের ফাইনালটা বাংলাদেশের জন্য অনেকটা স্বপ্নের মতোই ছিল। উপমহাদেশের তিন ক্রিকেট পরাশক্তির সঙ্গে পাল্লা দিয়ে স্বাগতিকরা যে ফাইনালের টিকিট পেয়ে যাবে, তা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারেননি। কিন্তু বাংলাদেশী ক্রিকেটারদের দুর্দান্ত পারফরমেন্সে সেই স্বপ্নই আজ বাস্তবে পরিণত হয়েছে। ভারতের বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত জয়ের পর আজ শ্রীলঙ্কাকেও ওই একই ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে টাইগাররা। গোটা এশিয়া কাপ জুড়েই ধারাবাহিক ভালো পারফরমেন্স দেখিয়ে শিরোপা জয়ের আশাও বেশ ভালোমতোই জাগিয়েছেন সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিরা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও বেশ আত্মবিশ্বাস নিয়েই দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় না পেলেও নিজেদের যোগ্যতার প্রমাণ ভালোমতোই দিয়েছিল বাংলাদেশ। ২৬৩ রান তাড়া করতে নেমে হেরে গিয়েছিল মাত্র ২১ রানে। তবে এবার ফাইনালে পাকিস্তানকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। টানা দুই ম্যাচে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও শ্রীলঙ্কাকে ধরাশায়ী করার পর আত্মবিশ্বাসের পারদটাও নিশ্চিতভাবে বেশ উপরেই আছে বাংলাদেশী ক্রিকেটারদের। অধিনায়ক মুশফিকের কণ্ঠেও টের পাওয়া গেল এই আত্মবিশ্বাসের প্রতিফলন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশী অধিনায়ক বলেছেন, “এশিয়া কাপের ফাইনালে খেলতে পারাটা আমাদের জন্য একটা বিরাট অর্জন। এখন দলের সবাই জানে যে, ফাইনালেও আমাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে। আশা করছি ফাইনালেও আমরা একটা জমজমাট লড়াই উপহার দিতে পারব।”শফিউল ইসলামের ইনজুরির ফলে বিকল্প হিসেবে দীর্ঘদিন পরে মাঠে নেমে দুর্দান্ত বোলিং করেছেন নাজমুল হোসেন। মাত্র ৩২ রানের বিনিময়ে তুলে নিয়েছেন জয়াবর্ধনে, দিলশান ও সাঙ্গাকারার গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। এরপর ব্যাট হাতে গত দুই ম্যাচের মতো আবারও ঝলসে উঠেছিলেন তামিম ও সাকিব। শেষ পর্যায়ে নাসির হোসেইন ও মাহমুদুল্লাহর ৭৭ রানের অবিচ্ছিন্ন ম্যাচজয়ী জুটিতে ভর করে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।