জমজমাট সিরিজের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার-পরিজনদের সঙ্গে উত্সবমুখর সময় কাটানো আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে ভারতীয় ক্রিকেটাররা খুশি হতেই পারে, নিদেন নতুন বছরের আগমনী সময়টা তারা বাড়িতেই কাটাতে পেরেছে। খেলার দিক দিয়ে নয়, আসলে ভ্রমণটাই এখন সবচেয়ে ক্লান্তিকর। তাই বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) যে ভারতে সব সিরিজেই দুদলের জন্যই চার্ডার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে, এটি একটি ভালো উদ্যোগ। এতে শুধু সময়ই বাঁচছে না, মালপত্র নিয়ে টানাহেঁচড়াটাও কমেছে। ভারতীয় আর শ্রীলঙ্কান দল বাংলাদেশে ত্রিদেশীয় যে সিরিজ খেলবে, সৌভাগ্যবশত সেখানে লম্বা ভ্রমণের প্রয়োজন পড়বে না। তা ছাড়া ভারতীয় দলের পরের খেলাগুলো মাত্র দুটো ভেন্যুতে হওয়ায় তাদেরও খুব বেশি ভ্রমণ করতে হবে না।কয়েক মাস ধরে ভারত ও শ্রীলঙ্কা একে অন্যের বিপক্ষে নিয়মিত খেলেছে। ফলে দুদলই একে অন্যের শক্তি আর দুর্বল জায়গাগুলো ভালো করেই জানে। তাই তাদের ম্যাচগুলো দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আর বাংলাদেশ হয়ে উঠতে পারে এই দুদলের পথের কাঁটা। স্বাগতিকেরা বেশ কিছু সমস্যার মধ্যে আছে তাদের মূল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। ও এখনো চোট কাটিয়ে পুরো ফিট হয়ে ওঠেনি। তবে তাদের দলটা প্রাণশক্তিতে ভরা। তা ছাড়া তাদের পেছনে থাকবে সমর্থকদের উন্মাতাল সমর্থন। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো একটা সিরিজ গেছে ওদের। তা ছাড়া সীমিত ওভারের ক্রিকেটে ওরা বরাবরই বিপজ্জনক। সাকিব আল হাসান আর মোহাম্মদ আশরাফুলই ওদের মূল খেলোয়াড়। পাশাপাশি তরুণ অনেক ক্রিকেটারই আছে যারা সফরকারীদের চমকে দিতে পারে।ভারতীয় দলে টেন্ডুলকার নেই। যার ফলে পুরোনো দুই সতীর্থ শেবাগ-গম্ভীরই ওপেন করবে। টেন্ডুলকার না থাকলেও ভারতের ব্যাটিং শক্তিশালী। জহির আর নেহরা ভালো খেলছে, নতুন বলের বোলাররা ভালোই করছে। হরভজন আর জাদেজাও স্পিন বোলিংয়ে তাদের কাজটা ভালোমতোই করছে। তাই বরাবরের মতো কেবল ফিল্ডিং নিয়েই দুশ্চিন্তা থেকে যাচ্ছে।শ্রীলঙ্কানরা দল থেকে জয়াসুরিয়াকে বাদ দিয়েছে। এর অর্থ বর্ণাঢ্য এক ক্যারিয়ারের এখানেই সমাপ্তি হয়ে যেতে পারে। ভারত সফরে উপুল থারাঙ্গা সুযোগটা ভালোমতোই কাজে লাগিয়ে সাবলীলভাবে রান তুলেছে। যেটা হয়তো জয়াসুরিয়ার ভাগ্যকে নির্ধারণ করে দিয়েছে আরও। সীমিত ওভারের ক্রিকেটে থারাঙ্গা আর দিলশান এখনকার সবচেয়ে ধ্বংসাত্মক জুটির একটি। বাংলাদেশের নিষ্প্রাণ উইকেটে তাদের ভালো করারই কথা। ভারত সফরে হেরে যাওয়ার পর শ্রীলঙ্কা দলে অবশ্য একাধিক পরিবর্তন এসেছে। দলে নতুন যারা এসেছে তাদের জন্য ভালো করার এটা একটা সুযোগ। এই সীমিত ওভারের ম্যাচগুলো এ বছর প্রতিটা বোর্ড পরীক্ষামূলক ম্যাচ হিসেবে নেবে ২০১১ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে। সুতরাং এই সময়টায় দলগুলোতে অনেক পরীক্ষা-নিরীক্ষাই দেখা যাবে।২০০৯ সালটা এই তিন দলের জন্যই ভালো কেটেছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দারুণ একটা সিরিজ জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। আর ভারত উঠেছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে। তিন দলই চাইবে নতুন বছরে জয় দিয়ে শুরু করতে। এ কারণে এ সিরিজটা তাই আরও জমজমাট হবে।