জমে উঠেছে উইম্বলডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যি সত্যিই জমে উঠেছে উইম্বলডনের আসর। টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় আজ সোমবার চতুর্থ রাউন্ডের লড়াইয়ে একসঙ্গে কোর্টে নামতে যাচ্ছেন সাতজন উইম্বলডন শিরোপা জয়ী।গতবারের শিরোপা জয়ী রাফায়েল নাদাল আজ শেষ ১৬-র লড়াইয়ে মুখোমুখি হবেন ২০০৯ সালের ইউএস ওপেন জয়ী জুয়ান মার্টিল ডেল পোত্রোর। গত বছরের বেশির ভাগ সময় ইনজুরি সমস্যায় ভুগলেও এবার বেশ ভালো পারফরমেন্স দেখিয়েই চতুর্থ রাউন্ডে উঠেছেন ডেল পোত্রো। তাঁর বিপক্ষে জয় পেতে যে অনেক কষ্ট করতে হবে, এটা বেশ ভালো মতোই বুঝতে পারছেন টেনিসের এক নম্বর তারকা নাদাল। তিনি বলেছেন, ‘গত বছর সে দীর্ঘসময় ইনজুরিতে ভুগেছে। তার পরও তাকে এ মুহূর্তের অন্যতম সেরা খেলোয়াড় বলা যায়। তার বিপক্ষে খেলাটা সব সময়ই একটা বড় চ্যালেঞ্জ। সে খুবই কঠিন প্রতিদ্বন্দ্বী।’ছয়বারের উইম্বলডন শিরোপা জয়ী রজার ফেদেরার এবারের আসরেও আছেন দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত তিনি একটা সেটেও হারের মুখ দেখেননি। আজ চতুর্থ রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী রাশিয়ান তারকা মিখাইল ইয়ুঝনি। স্বাগতিক তারকা অ্যান্ডি মারে নিশ্চিতভাবেই কিছুটা এগিয়ে থাকবেন সেন্টার কোর্ট সমর্থকদের জন্য। তা ছাড়া চতুর্থ রাউন্ডের প্রতিদ্বন্দ্বী ফরাসি রিচার্ড গ্যাসকুয়েটকে তিন বছর আগে তিনি হারিয়েছিলেন টানা পাঁচটি সেটেই। দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ ও মাইকেল লোরদার লড়াইটাও বেশ জমজমাট হবে বলে আশা করছেন টেনিস-প্রেমীরা।মেয়েদের এককে আজ দুই উইলিয়ামস বোনই নামবেন উইম্বলডনের সবুজ কোর্টে। শেষ আট নিশ্চিত করতে সেরেনা উইলিয়ামস লড়বেন মারিও বারতোলির বিপক্ষে। আর ভেনাস মুখোমুখি হবেন সভেতানা পিরঙ্কোনার। ২০০৪ সালের উইম্বলডন জয়ী মারিয়া শারাপোভা খেলবেন চাইনিজ তারকা পেং সুয়াইয়ের বিপক্ষে। রয়টার্স।